ছাত্রদল নেতার আহাজারি
‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’
Advertisement
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উখিয়ার পাটুয়ারটেক এলাকার রিসোর্টে অগ্নিকাণ্ডে কেউ হারিয়েছেন স্ত্রী, কেউ সন্তান বা পরিবারের অন্য সদস্যকে। স্বজন-হারানো মানুষদের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। শনিবার সকালে রিসোর্টে আগুন লাগার পর স্বজনদের খোঁজে ছোটাছুটি, কান্না আর আহাজারির দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রিসোর্টে অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতা দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯) প্রাণ হারিয়েছেন। স্ত্রীকে হারিয়ে আহাজারি করেন ফয়সাল। স্ত্রীর খোঁজ না পেয়ে উদ্বেগ আর
উৎকণ্ঠার মধ্যে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘হে আরশে আজিমের মালিক, আমাদের সব ভাবনা যেন ভুল হয়। আমি ওরে ছাড়া থাকমু কেমনে।’ পরে আগুনে মুক্তার মৃত্যুর খবর পান তিনি। ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি ফয়সাল জানান, মুক্তা ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার তারা কক্সবাজারে বেড়াতে আসেন। রোববার তাদের বাড়ি ফেরার কথা ছিল। আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন মুক্তা। তার বাবার নাম মোস্তফা কামাল। ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, মুক্তাসহ তিন বান্ধবী ওই রিসোর্টে উঠেছিলেন। শনিবার সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় কক্ষে থাকা মুক্তা আটকা পড়েন। অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।
