দৌলতপুরে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে মারধরের ঘটনায় বড় ভাই এমদাদ হোসেন রাছেলকে (৩৫) ডাব কাটার হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইমরান হোসেনের (৩০) বিরুদ্ধে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনার পর শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাছেলের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত রাছেল তার বাবা আহাদ হোসেনের কাছে ২০০ টাকা চান। আহাদ হোসেন ২০০ টাকার পরিবর্তে তাকে ২০ টাকা দিয়ে চলে যেতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাছেল বাবাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে ছোট ভাই ইমরান বাড়িতে এসে বাবার ডাব কাটার হাঁসুয়া দিয়ে রাছেলের পায়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত রাছেলকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহত রাছেলের বিরুদ্ধে দৌলতপুর থানায় তিনটি এবং ঈশ্বরদী থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন পলাতক রয়েছেন।
দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান, রাছেলকে রাজশাহী নেওয়া অ্যাম্বুলেন্স ও তার তিন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযুক্ত ইমরান বর্তমানে পলাতক রয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
