মাদক কারবারি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ
অভিযানে উদ্ধার, আটক ৩
Advertisement
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার তালায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মাদক কারবারিদের গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। রোববার রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের এ ঘটনার একপর্যায়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অভিযানকারী দলকে অবরুদ্ধ করে মাদক কারবারিরা। পরে তালা থানার ওসি অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। এর জেরে ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর করে আহত করেন এবং হত্যার হুমকি দেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে সোহেল শেখ তালা থানায় লিখিত অভিযোগের পাশাপাশি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাতে তালা থানা পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযুক্তদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশ হযরত নামে একজনকে আটক করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।
এ খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁকে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
