পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, লাশ চার টুকরো
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী শিরিন বেগমকে (৩৮) হত্যার পর লাশ ৪ টুকরো করার অভিযোগে দুলাল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৩টায় দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটের বারান্দা থেকে পলিথিনে মোড়ানো শিরিনের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরকীয়া সন্দেহ ও দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন সোমবার যুগান্তরকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দুলাল দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে স্ত্রীর কাছে টাকার হিসাব চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পাশাপাশি স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িত বলে সন্দেহ করতেন দুলাল।
পুলিশ জানায়, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুলাল স্ত্রীকে দেওয়ালে ধাক্কা দিলে তিনি মারা যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে বঁটি দিয়ে লাশ চার টুকরো করে মাথা, শরীর ও দুই পা আলাদা করে পলিথিনে মুড়িয়ে ফ্ল্যাটের বারান্দায় রাখেন বলে অভিযোগ রয়েছে। এদিকে, ঝগড়ার শব্দ শুনে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বারান্দা থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে। পরে দুলালকে গ্রেফতার করা হয়।
পরিদর্শক মঈন উদ্দিন জানান, ২ অক্টোবর স্ত্রীকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর ওই বাসা ভাড়া নেন দুলাল। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায়। ওই বাসায় স্বামী-স্ত্রী একাই থাকত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেরই বিয়ে হয়েছে। ছেলে পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন।
এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ হাওলাদার হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
