যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোর নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। এ ব্যাপারে মোটরগ্যারেজ মালিক হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করা হয়েছে বলে জাহাঙ্গীর মুঠোফোনে তাকে জানিয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
