Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লায় যানজটে দিনে ছিনতাই, রাতে ডাকাতি

Advertisement

Icon

আবুল খায়ের, কুমিল্লা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট যেন ছিনতাইকারী ও ডাকাত চক্রের সুযোগ হয়ে উঠেছে। দিনের বেলায় যানজটে আটকে থাকা যানবাহনে ছিনতাই, আর রাতে সশস্ত্র ডাকাতদের হামলায় সর্বস্ব হারাচ্ছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অপরাধীদের তৎপরতা বাড়ায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। হাইওয়ে পুলিশের দুর্বল নজরদারির অভিযোগও উঠেছে। যদিও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কয়েকজন ডাকাত আটকের পর কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, সম্প্রতি আবারও বেড়েছে অপরাধীদের তৎপরতা।

ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য যানজট কিংবা গাড়ির গতি কমলেই ওতপেতে থাকা ছিনতাইকারী ও ডাকাতরা হামলে পড়ছে। বিশেষ করে রাতে দেশীয় অস্ত্র নিয়ে যানবাহনে হামলা চালিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করছে তারা। চলতি সপ্তাহে মাধাইয়া এলাকায় সন্ধ্যার পর ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চান্দিনা, মাধাইয়া ও গৌরীপুর স্ট্যান্ডেও একাধিক ছিনতাইয়ের ঘটনা আলোচনায় রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মহাসড়কের মাধাইয়া বাজার, ইলিয়টগঞ্জ, পদুয়ার বাজার বিশ্বরোড ও দাউদকান্দির বিভিন্ন পয়েন্টে সড়ক সংস্কারসহ নানা কারণে যানজট তৈরি হলে সক্রিয় হয়ে ওঠে ডাকাত দল। শনিবার রাতে মাধাইয়া বাজারসংলগ্ন এলাকায় কয়েকটি যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসে হামলা চালিয়ে সর্বস্ব লুট করে সশস্ত্র ডাকাতরা। চালকদের অভিযোগ, গৌরীপুরের পর রায়পুর, পুঠিয়া, ইলিয়টগঞ্জ, গোমতা, মাধাইয়া, চান্দিনা, নিমসার, কোটবাড়ী, মিয়ার বাজার ও চৌদ্দগ্রামের বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারী ও ডাকাত চক্র সক্রিয়। যানজটে গাড়ির গতি কমে গেলে প্রাইভেট কার ও মাইক্রোবাসে হামলা চালানো হয়। যাত্রীবাহী বাসের পাশের কাচ ভেঙেও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বিদেশ ফেরত প্রবাসী ও তাদের স্বজনরা। বিমানবন্দর থেকে তাদের বহনকারী গাড়ি কুমিল্লা অংশে যানজটে আটকে গেলে ডাকাতদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। রামদা, রড ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন, পাসপোর্ট ও মালপত্র লুট করা হচ্ছে। বাধা দিলে গাড়ি ভাঙচুর ও যাত্রীদের আহত করার ঘটনাও ঘটছে। নোয়াখালীগামী প্রাইভেট কারচালক মামুন রশিদ বলেন, এক মাস আগে ইলিয়টগঞ্জ স্ট্যান্ডের আগের ফাঁকা এলাকায় ডাকাতরা যাত্রীদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাকেও মারধর করা হয়। তার ভাষ্য, ওই এলাকায় যানজট হলেই ডাকাতির আশঙ্কা থাকে। চৌদ্দগ্রামের মাইক্রোবাসচালক সোলায়মান আলী বলেন, শহীদনগর, মাধাইয়া ও চান্দিনার ফাঁকা জায়গায় যানজট বাধলেই বিপদ। গাড়ি থামলে ডাকাতরা এসে ভাঙচুর করে সব লুটে নেয়। ইলিয়টগঞ্জের ব্যবসায়ী আবুল কালাম বলেন, প্রায় রাতেই ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। মহাসড়ক দিনদিন অনিরাপদ হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে যাত্রী, চালক ও পরিবহণসংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় হাইওয়ে পুলিশের টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সংঘবদ্ধ চক্রকে আইনের আওতায় আনতে হবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ছিনতাই-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখতে থানা পুলিশের সঙ্গে যৌথভাবেও কাজ করছে হাইওয়ে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জয়িতা ফাউন্ডেশন আইন হচ্ছে নারীদের বহুমুখী ব্যবসায় সম্পৃক্ত করা হবে

নারীদের বহুমুখী ব্যবসায় সম্পৃক্ত করা হবে

শারদীয় দুর্গোৎসব : পেটের তাগিদে নয় শখ আর ভালোবাসায় টিকে আছে প্রতিমা গড়ার শিল্প

শখ আর ভালোবাসায় টিকে আছে প্রতিমা গড়ার শিল্প

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লায় যানজটে দিনে ছিনতাই, রাতে ডাকাতি

কুমিল্লায় যানজটে দিনে ছিনতাই, রাতে ডাকাতি

সিসায় দুই কোটি শিশু স্বাস্থ্যঝুঁকিতে

সিসায় দুই কোটি শিশু স্বাস্থ্যঝুঁকিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম