পুশইন চেষ্টা ব্যর্থ
রাতের আঁধারে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
Advertisement
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ১২ জনকে ঠেলে (পুশইন) পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। টানা ২৫ ঘণ্টা চেষ্টার পর রোববার গভীর রাতে তাদের তারকাঁটার গেট খুলে বিএসএফ সদস্যরা ভারতে ফেরত নিয়েছে। পরে ওই ১২ জনকে বিএসএফ পিকআপে করে অন্যত্র নিয়ে গেছে বলে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন।
বিএসএফ রোববার ভোরের দিকে বুড়িমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বামনদল সীমান্তের ওপারে ভারতের মেকলিগঞ্জ মহকুমার সদরের বিএসবাড়ি সীমান্ত দিয়ে ১২ ভারতীয়কে পুশইনের চেষ্টা চালায়। পরে বিজিবির বাধায় তারা পিছু হটে। ওই অবস্থায় পুশইনের শিকার ব্যক্তিরা জিরোলাইন থেকে ১০০ গজ ভারতের ভেতরে দীর্ঘ প্রায় ২৫ থেকে ২৮ ঘণ্টা ধরে অবস্থান করছিলেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তের ৮৩৮ মেইন পিলারের ১ সাবপিলারের মাঝামাঝি স্থান দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১২ জনকে ভোররাতে জোর করে পুশইনের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিএসএফকে বাধা দেয়। বুড়িমারী বিজিবি ক্যাম্পের বিজিবির টহল দলের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষের বাধায় বিএসএফ সদস্যরা পিছু হটে। পরে ১২ নাগরিককে নিয়ে তারা ভারতের ১০০ গজ ভেতরে নিয়ে যায়। তাদের ওই সীমান্তে চাবাগান এলাকায় দিনরাতভর বসিয়ে রাখে। অবশেষে গভীর রাতে ওই ১২ জনকে কাঁটাতারের বেড়ার গেট খুলে পিকআপে করে ভারতের ভেতরে নিয়ে যায়।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, আমরা দুদিন ধরে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তারা সাড়া দিচ্ছে না। তবে পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।
