ইলিশ রক্ষা অভিযান
জাজিরায় এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ জেলেদের
গ্রেফতার ৩৬
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মা ইলিশ সংরক্ষণ অভিযান কেন্দ্র করে শরীয়তপুর-১ আসনের সংসদ-সদস্য (এমপি) সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকালে জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের ভাষ্য, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিযানে থাকা কর্মকর্তাদের ধাওয়া দেন। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ-সদস্য সাইদ আহমেদ, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৩৬ জেলেকে আটক করা হয়। পাশাপাশি ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেফতারের ভয়ে ইটপাটকেল ছুড়েছে। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যায়। আমরা ৩৬ জেলেকে আটক করেছি। শরীয়তপুর-১ আসনের সংসদ-সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, আসলে আমাদের ওপর ক্ষোভে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।
