দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি
‘এখন আর বেঁচে থেকে কী হবে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এক দম্পত্তির দুই ছেলে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে মারা গেছে। এর মধ্যে শুক্রবার নগরীর মা ও শিশু হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর মোহাম্মদ আরাফাত নামে বড় ছেলের মৃত্যু হয়। একই হাসপাতালে রোববার রাতে মারা যায় ছোট ছেলে ১০ মাস বয়সি আবু বক্কর আরব। আরাফাত নগরীর হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ অবস্থায় নিঃস্ব হয়ে পড়েছেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির ও আমেনা বেগম। বড় ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন চলছে মাতম।
জানা গেছে, এই দুই সন্তানকে নিয়েই ছিল কবির ও আমেনার সংসার। দুই সন্তানের মৃত্যুতে অসংলগ্ন আচরণ করছেন মা আমেনা। কবিরের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি নগরীর হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি। দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবির। শেষ পর্যন্ত কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি। ছোট ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে কবির বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।’
দুই সপ্তাহ আগে বড় ছেলে আরাফাতের সাধারণ জ্বর, বমি ও কাশি দিয়ে শুরু হয়েছিল বাবা কবিরের দুঃসহ দিনগুলো। প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করেন তিনি। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুদিন আইসিইউতে চিকিৎসা চলে। পরে আরাফাতকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার দিন আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় ২ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় আরাফাত। ওই দিনই নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। বড় ভাইয়ের মতো সেও হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে অবস্থার অবনতি হলে আবু বক্করকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার রাত সোয়া ১টার দিকে মারা যায় শিশুটি। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার যুগান্তরকে বলেন, শিশুটির (আবু বক্কর) অবস্থা জটিল হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করেছি। রোববার সকালে তাকে নিয়ে মেডিকেল বোর্ডও গঠন করেছিলাম। কিন্তু তাকে ফেরানো যায়নি।
