‘ওহাব ময়রা’ আজও মুখে মুখে
কাঁচাগোল্লা যাচ্ছে বিদেশেও
ভেজাল না থাকায় ক্রেতার আকর্ষণ * কাঁচাগোল্লা প্রতি কেজি ৬০০ ও দই ২৫০ টাকা
তৌহিদ জামান, যশোর
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে মানুষের মুখে মুখে ‘ওহাব ময়রার কাঁচাগোল্লা’ নামটি। এর পাশাপাশি তাদের তৈরি দইও বেশ জনপ্রিয়। স্থানীয়দের চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো হয় সুস্বাদু পণ্য দুটি। নড়াইল ও আশপাশের এলাকার লোকজন আসেন কাঁচাগোল্লা নিতে। দেশের বাইরে ভারত, মালয়েশিয়া, কুয়েত, দুবাই, ইংল্যান্ডেও নিয়ে যান অনেকে। বাইরে পাঠানোর সময় বিশেষ ব্যবস্থায় ঠান্ডা করে পাঠানো হয়।
ওহাব ময়রা মারা গেছেন বেশ আগেই। তবে বাবার হাতে তৈরি সেই কাঁচাগোল্লা ও দইয়ের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন তার তিন ছেলে মহব্বত মোল্লা, মাসুদ মোল্লা আর হাসিব মোল্লা। নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের গোবরা বাজারের একসময়ের চায়ের দোকানটি এখন কাঁচাগোল্লার দোকান হিসাবে চেনেন সবাই। বর্তমানে দোকানটি দুইভাগে বিভক্ত হয়েছে। এক অংশে রয়েছেন বড় ছেলে মহব্বত ও ছোট ছেলে হাসিব এবং অপর অংশ দেখভাল করেন মেজ ছেলে মাসুদ ও মামাতো ভাই সবুজ মোল্লা। চিত্রা নদী ঘিরে গড়ে ওঠা গাবরা বাজারটি শত বছরেরও বেশি পুরোনো। আশপাশের চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের প্রধান বাজার এটি। বাজারের ভেতরে ৫ শতাংশ জমির এক অংশে মহব্বত মোল্লার চায়ের দোকান এবং অপর অংশে মেঝোভাই মাসুদ মোল্লার মিষ্টির দোকান। সুপ্রাচীন একটি হিজল গাছের নিচে বেশ খোলামেলা ঘরে রয়েছে বড় বড় চুলা। কাঠের খড়ির আগুনে বিশাল দুটি কড়াইয়ে জ্বাল দেওয়া হচ্ছে গরুর দুধ। একেক কড়াইতে ৩০-৫০ কেজি করে দুধ জ্বাল দেওয়া হয়। একটিতে দুধ জ্বাল দেওয়া হয় কাঁচাগোল্লা তৈরির জন্য। অপরটির দুধে তৈরি হবে দই। সবুজ মোল্লা জানান, নির্দিষ্ট তাপমাত্রায় দুধ জাল দেওয়া আর বলক ওঠার সময় নাড়াচাড়া না করলে কাঁচাগোল্লা কিংবা দই কোনোটাই ভালো হয় না।
যেভাবে তৈরি হয় কাঁচাগোল্লা : হাসিব মোল্লা জানান, কাঁচাগোল্লার জন্য প্রথমে জ্বাল দেওয়া দুধ থেকে ছানা তৈরি করতে হয়। ছানা তৈরির জন্য আগের দিনের রাখা ছানার পানি নির্দিষ্ট পরিমাণ জ্বাল দেওয়া দুধের সঙ্গে মেশাতে হয়। এরপর অল্প আঁচে রেখে দুধ নাড়তে হয়। একসময় ছানা কাটা হলে, তা একটি কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত সেখানকার সব পানি শেষ না হয়। পানি ঝরানো শেষ হলে সেই ছানা ফের কড়াইতে নিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হয়। আর স্বাদের জন্য তাতে মেশাতে হয় পরিমাণ মতো চিনি। হাসিব বলেন, ৩০ কেজি দুধ থেকে আমরা ছানা পাই পাঁচ-ছয় কেজি। এর সঙ্গে কেজিখানেক চিনি মেশাই। আর ১০০ কেজি দুধ থেকে হয় ৫০ কেজি দই। প্রতিকেজি কাঁচাগোল্লা ৬০০ টাকা ও দই ২৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে এখন। দুধের দাম কমলে দুই আইটেমেরই দাম কমবে।
কাঁচাগোল্লা ও দই জনপ্রিয় হলো যেভাবে : স্থানীয় বিনয় কুমার বিশ্বাসের ভাষ্যমতে, দেশ স্বাধীনের কয়েক বছর আগে গোবরা বাজারের এক কোণায় কাঁচাগোল্লা ও দই বানানো শুরু করেন ওহাব মোল্যা। তার তৈরি কাঁচাগোল্লার বিশেষত্ব হচ্ছে, তাতে দুধ-চিনি ছাড়া অন্য কিছু মেশানো হয় না। সে কারণে কাঁচাগোল্লা হয় ঝরঝরা। দই একদম জমাট বাঁধা আঠার মতো। স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী বলেন, জনপ্রিয়তার মূল কারণ ভেজালহীন প্রস্তুত প্রক্রিয়া। সত্যি কথা বলতে কী-বানানোর পরই দুই সুস্বাদু আইটেম শেষ হয়ে যেত। অন্য ময়রারা যে দামে বিক্রি করত, ওহাব তাদের চেয়ে ২০ টাকা বেশিতে বিক্রি করতেন। তবু বেশি বেচাকেনা ছিল। মহব্বত মোল্লা বলেন, ‘ছোটবেলায় বাবার কাছ থেকে গোল্লা ও দই বানাতে শিখেছি।’
