Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

পশ্চিমাঞ্চল রেলে ডিউটি পাশ জালিয়াতি

কোটি টাকার টিকিট কালোবাজারে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মকর্তাদের ডিউটি পাশের বিপরীতে বিপুল ভুয়া টিকিট বা ট্রাভেল পাশ ইস্যুর অভিযোগ উঠেছে। চারটি স্টেশনে বুকিং সহকারীরা এই টিকিট কেলেঙ্কারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী ট্রেনে এককভাবে ও পারিবারিকভাবে ভ্রমণের সুযোগ হিসাবে স্টেশনের কাউন্টার থেকে বিভিন্ন গন্তব্যের টিকিট বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। অন্যদিকে যারা বিভিন্ন ট্রেনে নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন তাদেরও বছরের প্রথমে ডিউটি পাশ ইস্যু করা হয়। অভিযোগ উঠেছে, গত তিন বছরে এসব সুবিধার বিপুল অপব্যবহার হয়েছে। বড় বড় স্টেশনের বুকিং কাউন্টার থেকে অস্বাভাবিক হারে ডিউটি পাশের বিপরীতে বিনামূল্যে টিকিট ইস্যুর অভিযোগ উঠেছে। মাত্র চারটি স্টেশনে প্রাথমিকভাবে শনাক্ত হওয়া দুর্নীতির পরিমাণ ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৯৯ টাকা। জানা গেছে, এই হিসাবে গত তিন বছরে এই দুর্নীতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। বুকিং সহকারীরা এই বিপুল অর্থের টিকিট কালোবাজারি করেছেন বলেও তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মোহাম্মদ আসহান উল্লাহ ভুঁইয়া সম্প্রতি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান হিসাব কর্মকর্তার দপ্তরকে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে বলেও তথ্য মিলেছে। গত ১৩ জুলাই উপপ্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন পশ্চিমাঞ্চল সদর দপ্তরের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। বুকিং সহকারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করেন কর্মকর্তারা।

অনুসন্ধানে জানা গেছে, রেলওয়ের সার্ভার পরিচালনাকারী চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ’সহজ’। এখানে সংরক্ষিত ও নিবন্ধিত তথ্যমতে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের চারটি স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডিউটি পাশ বা ডিউটি কার্ড ব্যবহার করে মোট ৪ হাজার ৭১৬ বার ডিউটি ও ভ্রমণ পাশ ইস্যু করা হয়েছে। এসব পাশের বিপরীতে নথিভুক্ত অর্থের পরিমাণ ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৯৯ টাকা।

কোনো কর্মকর্তার ডিউটি পাশের বিপরীতে কতসংখ্যক টিকিট ইস্যু করা হয়েছে, তা খতিয়ে দেখছে পশ্চিম রেলের হিসাব ও অর্থ বিভাগ।

চার স্টেশনের ডিউটি পাশে কোটি টাকা : সহজের সার্ভারের রেজিস্টেশন তথ্যের বরাতে পাওয়া হিসাব অনুযায়ী, দিনাজপুর স্টেশনের টিআইএ (ট্রাভেলিং ইন্সপেক্টর-অ্যাকাউন্টস) কার্ড পাশ নম্বর সিপি ০৩৪১৬৭। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই ডিউটি পাশ বা কার্ড ব্যবহার করে ১ হাজার ৯৫০ বার ডিউটি পাশ বা ট্রাভেলস টিকিট ইস্যু করা হয়েছে। এসব পাশের বিপরীতে ব্যয় হওয়া অর্থের পরিমাণ ৪৪ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। অন্যদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ডিউটি পাশ নম্বর সিপি-০৩৪১৬৮। এর বিপরীতে একই সময়ে ১ হাজার ৫০০ বার টিকিট ইস্যু বা ডিউটি পাশ ব্যবহার করা হয়েছে। নথিভুক্ত অর্থের পরিমাণ ৩৫ লাখ ৭ হাজার ৮১৩ টাকা। ঈশ্বরদীর ডিউটি কার্ড পাশ নম্বর সিপি-০৩৪১৬৯। এর বিপরীতে ৯৬৫ বার ডিউটি পাশ বা ট্রাভেলস টিকিট ইস্যু হয়েছে, যার নথিভুক্ত অর্থের পরিমাণ ১৯ লাখ ৩৬ হাজার ১৪৪ টাকা। অন্যদিকে পার্বতীপুরের ডিউটি কার্ড পাশ নম্বর সিপি-০৩৪১৬১। এর বিপরীতে ৩০১ বার টিকিট ইস্যু বা ট্রাভেলস পাশ ব্যবহার করা হয়েছে। নথিভুক্ত অর্থের পরিমাণ ৪ লাখ ১৪ হাজার ৮৪২ টাকা। এই চারটি ডিউটি পাশ পশ্চিম রেলের একজন সাবেক জিএমসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তার নামে ইস্যু করা বলে জানা গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, চারজন কর্মকর্তার ডিউটি পাশের বিপরীতে রেলওয়ের ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৯৯ টাকা মূল্যের টিকিটের সমান ট্রেন ভ্রমণ করা হয়েছে।

বুকিং সহকারীদের সংশ্লিষ্টতার অভিযোগ : রাজশাহী রেলস্টেশনের দুই বুকিং সহকারী পুরো রেলাঞ্চলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। একেকটি ডিউটি পাশের বিপরীতে কোনো কোনোদিন শতাধিক ফ্রি টিকিট ইস্যু করা হয়েছে। এসব টিকিট দালালের হাত ঘুরে যাত্রীদের কাছে চলে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন কর্মকর্তার স্ত্রীও এই সিন্ডিকেটে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মেদ হোসেন মাসুমের দপ্তরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি। পশ্চিম রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মোহাম্মদ আসহান উল্লাহ পশ্চিম রেলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের বরাত দিয়ে জানান, কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিকতা পাওয়া গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পশ্চিমাঞ্চল রেলে ডিউটি পাশ জালিয়াতি কোটি টাকার টিকিট কালোবাজারে

কোটি টাকার টিকিট কালোবাজারে

‘ওহাব ময়রা’ আজও মুখে মুখে কাঁচাগোল্লা যাচ্ছে বিদেশেও

কাঁচাগোল্লা যাচ্ছে বিদেশেও

বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি

১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি

দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি ‘এখন আর বেঁচে থেকে কী হবে’

‘এখন আর বেঁচে থেকে কী হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম