বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি
১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে সরকারি দামে এলপিজি মিলছে না। কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিলে পাওয়া যাচ্ছে এই গ্যাস। আবার অনেক জায়গায় বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আগে এক কোম্পানির খালি সিলিন্ডার দিয়ে অন্য কোম্পানির গ্যাস নেওয়ার সুযোগ ছিল। বর্তমানে সরবরাহ কমে যাওয়ায় সেটিও বন্ধ। এতে বাসাবাড়িতে রান্নার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনগুলোতেও। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকরা।
ভোক্তাপর্যায়ে সম্প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে নগরীর বেশির ভাগ দোকানে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪শ থেকে ২ হাজার ৫শ টাকায়। কোনো কোনো এলাকায় দাম আরও বেশি। এরপরও প্রয়োজনের সময় গ্যাস মিলছে না।
খুচরা বিক্রেতারা জানান, বিভিন্ন কোম্পানি বরিশালে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। দু-একটি কোম্পানির সিলিন্ডার পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। একাধিক বিক্রেতা বলেন, কোম্পানি থেকে ডিপো, এরপর পরিবেশকের হাত ঘুরে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস পৌঁছাচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে। ফলে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের অভিযোগ, ছয় মাস ধরে বাজারে প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারের সরবরাহ প্রায় বন্ধ। একটি কোম্পানির সিলিন্ডার মোটামুটি নিয়মিত পাওয়া যাচ্ছিল। তবে এখন তারাও অন্য কোম্পানির খালি সিলিন্ডার বদলে গ্যাস দিচ্ছে না। নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মো. রমিজ বলেন, বরিশালে গ্যাসের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এদিকে সিলিন্ডার সংকটের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাও বিপাকে পড়েছেন। নগরীর কাটপট্টি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. রাজু বলেন, গ্যাসের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এতে পণ্যের দাম বাড়ানোর চাপ তৈরি হবে। একই সঙ্গে ব্যবসা চালিয়ে রাখাও কঠিন হয়ে পড়বে।
একটি গ্যাস কোম্পানির বরিশালের প্রধান পরিবেশক জুয়েল রানা জানান, নিয়মিত গ্রাহকদের চাহিদা পূরণ করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। নতুন গ্রাহকদের গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আগে খুচরা বিক্রেতারা বিভিন্ন কোম্পানির খালি সিলিন্ডার সংগ্রহ করে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে গ্যাস নিতে পারতেন। কিন্তু সরবরাহ সংকটের কারণে সেই ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এখন নিয়মিত গ্রাহকদের চাহিদা পূরণই প্রধান লক্ষ্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, গ্যাস সংকটের সুযোগ নিয়ে কেউ যেন ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এ ধরনের অভিযোগ থাকলে প্রমাণসহ অধিদপ্তরে জানালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
