বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাতের আঁধারে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আদালত ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এর মধ্যে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক তালাবদ্ধ করা হয়। আগের দিন রাতে কক্সবাজারে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও চট্টগ্রামে পটিয়া জজ আদালত, প্রধান ডাকঘর ও চার শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝোলানো হয়। মাঝরাতে তালা ঝুলানো হয় লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস, আদিতমারী সরকারি কলেজ এবং কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের মূল ফটকে। রাঙামাটিতে রাতের আঁধারে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠনো খবর-
জাবি : মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল জাবির প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়। প্রক্টর আরও বলেন, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছে। খবর পেয়ে তালা খুলে দেওয়া হয়েছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইউএনও কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর বিষয়টি তারা অবগত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় সোমবার রাতে পটিয়া জজ আদালত, প্রধান ডাকঘর ও ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা দিয়েছে ছাত্রলীগ। খবর পেয়ে রাতেই পুলিশ সেসব তালা ভেঙে গেটসমূহ অবমুক্ত করে। তবে তা পুলিশ স্বীকার করেনি। জানা যায়, পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ নুর ডিগ্রি কলেজ ও জিরি খলিল মীর ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝুলানোর পাশাপাশি পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনাম উল্লাহ। তিনি জানান, সোমবার রাতে কে বা কারা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
কালীগঞ্জ (লালমনিরহাট) : আদিতমারীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস, আদিতমারী সরকারি কলেজ এবং কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে ও পোস্টার লাগিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার মাঝরাতে এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম নাঈমের ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করা হয়।
আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার বলেন, ‘সকাল ৯টার দিকে অফিসে এসে মূল গেটে তালা ঝুলানো দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদিতমারী থানাকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ফেলে।’
রাঙামাটি : শহরে রাতের আঁধারে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা এসব তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার ভোরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা তাদের প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখতে পান। পরে কর্তৃপক্ষের নির্দেশনায় তালা ভেঙে ফটক খোলা হয়। এ ঘটনায় শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
অন্যদিকে এ খবর ছড়িয়ে পড়লে শহরে মহড়া দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলে থাকা তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তারা। জেলা ছাত্রদল নেতা ওমর মুরশেদ বলেন, তারা ছাত্রলীগের অপকর্ম প্রতিহত করতে শহরের বিভিন্ন এলাকায় মহড়া শুরু করেছেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে দুর্বৃত্তদের ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফটক খুলে দিয়েছেন।
