Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

চাহিদা আছে, নেই সরবরাহ

‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

Icon

শাহ সামসুল হক রিপন, গাজীপুর

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাহিদা আছে, গুণগত মান নিয়েও আস্থার সংকট নেই। তবু বাজারে নিয়মিত মিলছে না সরকারি উদ্যোগে উৎপাদিত বোতলজাত পানি ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার’। গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পে উৎপাদিত এ পানির উৎপাদন গত দুই বছরে কমেছে অর্ধেকেরও বেশি। উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা, বাজারজাতকরণে দুর্বলতা ও প্রচারের ঘাটতিতে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। অথচ প্রতিষ্ঠানটির কর্মীদের বড় অংশই শারীরিক প্রতিবন্ধী। ফলে উৎপাদন ও বিক্রি বাড়ানো শুধু ব্যবসায়িক সম্ভাবনা নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মৈত্রীশিল্পের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে হয়েছে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার। দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার, যা আগের উৎপাদনের প্রায় ৫২ শতাংশ। অথচ এর আগে উৎপাদন বাড়ছিল ধারাবাহিকভাবে। ২০২১-২২ অর্থবছরে ৪২ লাখ ১০ হাজার লিটার এবং ২০২২-২৩ অর্থবছরে ৪৫ লাখ ৮ হাজার লিটার পানি উৎপাদিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে তা ৫০ লাখ লিটার ছাড়িয়ে যায়। এরপরই শুরু হয় পতন।

চাহিদা দুই লাখ, উৎপাদন ৫০ হাজার লিটার : মৈত্রীশিল্প কর্তৃপক্ষের হিসাবে, মুক্তা পানির দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার। বিপরীতে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ হাজার লিটার। অর্থাৎ চাহিদার চার ভাগের এক ভাগ উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে দেশের সব এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা যাচ্ছে না।

গাজীপুর শহর ও আশপাশের বাজারের খুচরা দোকান ঘুরে দেখা গেছে, অনেক দোকানি মুক্তা পানির নামই জানেন না। আবার যারা চেনেন, তাদের অনেকের দোকানেও নিয়মিত পাওয়া যায় না এ পানি। ফলে চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহের ঘাটতিতে বাজারে এর উপস্থিতি সীমিত।

তবে ক্রেতাদের কাছে পানিটির স্বাদ ও মানের গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। টঙ্গী বাজার রোডের ব্যবসায়ী আবু হানিফ বলেন, ‘বাজারে কত ব্র্যান্ডের বোতলের পানি পাওয়া যায়। কিন্তু মুক্তা পানি খাইলে স্বাদডা আলাদা লাগে, বেশ ভালো। আমার কাছে অন্য পানির চাইতে মুক্তা পানিই বেশি সুস্বাদু লাগে। তাদের প্রতিষ্ঠানের বাইরেই একটা বিক্রয়কেন্দ্র আছে। হেইখান থেইকা প্রায়ই কার্টন ধরে পানি কিনা নিয়া আসি। দোকানের কাস্টমারদেরও খাওয়াই।’

১১ ধাপে পরিশোধন, মান নিয়ন্ত্রণে গুরুত্ব : বৃহস্পতিবার কারখানায় গিয়ে দেখা যায়, এক অংশে প্লাস্টিকের বোতল তৈরি হচ্ছে, অন্য অংশে চলছে বোতলে পানি ভরা ও প্যাকেটজাত করার প্রস্তুতি। নির্দিষ্ট পোশাক ও স্বাস্থ্যবিধি মেনে কর্মীরা উৎপাদনের বিভিন্ন ধাপে কাজ করছেন। তাদের বড় একটি অংশ শারীরিক প্রতিবন্ধী। কারখানায় ১১টি ধাপে রিভার্স অসমোসিস (আরও) পদ্ধতিতে পানি পরিশোধন করা হয়। এরপর বোতলে পানি ভরা, সিল করা, লেবেল লাগানো ও কার্টনে প্যাকেটজাত করা হয়। কর্তৃপক্ষের দাবি, কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা এবং পরীক্ষাগারে প্রতিটি ব্যাচের পানি পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়।

উৎপাদন কমার পেছনে একাধিক কারণ : মৈত্রীশিল্প কর্তৃপক্ষের ভাষ্য, গত দুই অর্থবছরে উৎপাদন কমার অন্যতম কারণ সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহারে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান ছিল মুক্তা পানির বড় ক্রেতা। সেখানে বোতলজাত পানির ব্যবহার কমে যাওয়ায় বিক্রিতে প্রভাব পড়ে।

কর্তৃপক্ষের দাবি, ওই সময়ে প্রায় তিন মাস উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। উৎপাদন ও বিক্রি কমায় প্রতিষ্ঠানের আয়েও চাপ তৈরি হয়। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেও সমস্যা দেখা দেয়। ২০২৬ সালের শুরুতে দায়িত্ব নেওয়া কর্মকর্তারা কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেন। তবে উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতাও বড় সমস্যা। এর সঙ্গে বাজারজাতকরণ ও প্রচারের ঘাটতি যুক্ত হওয়ায় বাজারে মুক্তা পানির উপস্থিতি কমেছে।

পাঁচ বছরে আয়-ব্যয়ে ওঠানামা : মৈত্রীশিল্পের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মুক্তা পানি বিক্রি থেকে আয় হয় ৭ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৯০৭ টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৯ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ১১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৪৯৪ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। এরপর আয় কমে ২০২৪-২৫ অর্থবছরে ৯ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৯০১ টাকা ৬৭ পয়সা হয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয় হয়েছে ৯ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯১৬ টাকা ৭৮ পয়সা। প্রতিষ্ঠানের সামগ্রিক আয়-ব্যয়েও ওঠানামা রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকা, ব্যয় ২৮ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৬৭ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৩৯ টাকা, ব্যয় ২৮ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা। সর্বশেষ অর্থবছরে আয় দাঁড়ায় ২৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৭৬৪ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৭২ লাখ ১ হাজার ৮৩২ টাকা।

বিক্রয় প্রতিনিধি মাত্র দুজন : মৈত্রীশিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান বলেন, বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে তাদের বড় ঘাটতি রয়েছে। এ কারণে বাজারে চাহিদা থাকা সত্ত্বেও মুক্তা পানি তেমন দেখা যায় না। তিনি বলেন, ‘বর্তমানে সারা দেশে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ মাত্র দুজন। অথচ প্রয়োজন ৬০০ জনের বেশি। মাত্র দুজন দিয়ে বিক্রি বাড়ানো সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ভোক্তা পর্যায়েও পানি পৌঁছে দিতে হবে।’ তার ভাষ্য, গত দুই বছরে পরপর দুবার নির্বাহী পরিচালক পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। নেতৃত্বের পরিবর্তনে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব উৎপাদনেও পড়ে। এখন জনবল বাড়ানো, নতুন পণ্য যুক্ত করা এবং শোরুমের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অটোমেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ : মৈত্রীশিল্প সূত্রে জানা যায়, টঙ্গীতে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানাটি ২০০৪ সালের ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় এটি স্থাপন করা হয়। পানি পরিশোধন ও বোতলজাতকরণের যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সেল অ্যাকুয়া টেকনোলজিস ইনকরপোরেটেড থেকে আমদানি করা হয়।

উৎপাদন সক্ষমতা বাড়াতে মন্ত্রণালয়ের কাছে নতুন অটোমেশন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৈত্রীশিল্পের উপসহকারী প্রকৌশলী মো. চাঁদ মিয়া বলেন, দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার হলেও উৎপাদন সক্ষমতা ৫০ হাজার লিটার। তাই বাজারে পর্যাপ্ত পানি দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই প্রতিবন্ধী। বোতল তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের অবদান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাহিদা আছে, নেই সরবরাহ ‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম