লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা
পুলিশের ওপর হামলা আহত ৫
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে আটক শ্রমিকদল নেতাকে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় এক নারী পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম অপু উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন-লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন, লিটন ও শাহনাজ আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে চালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে ইজিবাইক নিয়ে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে স্থানীয় টিকটিকির বাজার এলাকা থেকে চারজন যাত্রীবেশে অটোরিকশায় উঠেন। অটোরিকশাটি পূর্ব আমবাড়ী পৌঁছালে তারা নিজেদের ‘আলোকিত লালমনিরহাট’-এর অ্যাকশন কমিটির সদস্য পরিচয় দিয়ে চালকের বিরুদ্ধে মাদক পরিবহণের অভিযোগ তোলেন এবং তল্লাশির নামে মারধর করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অপুকে ধরে ফেলেন। তবে তার সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন দিলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি দল গিয়ে আটক অপুকে হেফাজতে নেয়। অভিযোগ উঠেছে, আটক রফিকুল ইসলাম অপুকে থানায় নিয়ে যাওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তার সমর্থকরা পুলিশের গাড়ির গতিরোধ করে। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার দাবি তুলে অপুকে থানায় নিতে বাধা দেয়। পুলিশ রাজি না হলে তারা চড়াও হয়ে পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে অপুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশের ৫ সদস্য আহত হন।
বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অপু ‘আলোকিত লালমনিরহাট’-এর কোনো সদস্য নন। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, আটক একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা ও তর্কবিতর্কের একপর্যায়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
