যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা
টেক্সটাইল ইনোভেশন এক্সপো শেষ হচ্ছে আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেকসই ও উদ্ভাবনী ফেব্রিক্সের সমাহার নিয়ে দেশি-বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের দুটি টেক্সটাইল প্রতিষ্ঠান-যমুনা ডেনিম উইভিং লিমিটেড ও হুরাইন হাই-টেক ফেব্রিক্স লিমিটেড। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) টিআইই-আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপোতে অংশ নিয়ে প্রতিষ্ঠান দুটি গ্রীষ্ম থেকে শীত-সব ঋতুর উপযোগী ৩০০টির বেশি ফেব্রিক্স ও ডেনিম প্রদর্শন করেছে। কাপড়ে বৈচিত্র্য, আন্তর্জাতিক মান ও নতুনত্বে মুগ্ধ হয়েছেন ক্রেতারা।
তিন দিনব্যাপী এই এক্সপো আজ (শনিবার) শেষ হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিন থেকেই প্রতিষ্ঠান দুটির প্যাভিলিয়নে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে ফেব্রিক্স ও ডেনিমের মান যাচাইয়ের পাশাপাশি পণ্য সংগ্রহ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে খোঁজখবর নিয়েছেন দেশি-বিদেশি বায়াররা। শুক্রবার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হল-৪ এর প্যাভিলিয়ন এফ-৩১ এ কথা হয় হুরাইন হাই-টেক ফেব্রিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) নুসরাত জান্নাতের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, প্রদর্শনীর প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে দেশি-বিদেশি বায়াররা বেশি ভিড় করেছেন। বিদেশি ক্রেতাদের মাঝে ছিল উচ্ছ্বাস। তারা ব্যবসায়িক কার্যক্রমের উদ্যোগও নিয়েছেন। কারণ আমরা এবার প্রদর্শনীতে শীত থেকে গ্রীষ্মকাল পুরোটা কাভার করবে এমন ফেব্রিক্স প্রদর্শন করেছি। আমাদের যতগুলো প্রসেস আছে, এর মধ্যে- আরএফডি, সলিড ডাই প্রিন্ট, ইয়ার্ন ডাইসহ সব পণ্য নিয়ে আমরা কাজ করেছি। সঙ্গে আমাদের সিজনাল রঙ ও বিশ্বব্যাপী আমাদের ক্রেতাদের চাহিদা রিসার্চ করে ফেব্রিক্সগুলো এক্সেপোতে প্রদর্শন করেছি। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা টেক্সটাইল খাতে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে নতুন প্রযুক্তির ব্যবহার করছি। ‘পিগমেন্টুরা’ প্রযুক্তিতে প্রচলিত রিঅ্যাকটিভ প্যাড স্টিম পদ্ধতির তুলনায় ১০০ শতাংশ সুতি কাপড় রঙ করার ক্ষেত্রে পানির ব্যবহার ৯০ শতাংশ, বিদ্যুৎ ৪৪ শতাংশ, স্টিম ৭৯ শতাংশ এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ৭৮ শতাংশ কমানো সম্ভব হয়েছে। এতে উৎপাদন সময়ও কমবে ৪৫ শতাংশ। অন্যদিকে ৫০ শতাংশ সুতি ও ৫০ শতাংশ পলিয়েস্টার মিশ্রিত কাপড়ের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির তুলনায় পানির ব্যবহার ৯৬ শতাংশ, বিদ্যুৎ ৫৫ শতাংশ, স্টিম ৮৭ শতাংশ এবং কার্বন নিঃসরণ ৮৭ শতাংশ কমানোর পাশাপাশি উৎপাদন সময় ৬৯ শতাংশ সাশ্রয়ের সুযোগ রয়েছে। প্রযুক্তিটিতে এক ধাপেই বিভিন্ন ধরনের ফাইবার রঙ করা যায়। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক পরিহার, কাপড়ের মসৃণতা ও রঙের স্থায়িত্ব বাড়ানো এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও সহজ ও পরিবেশবান্ধব করার সুবিধা রয়েছে।
প্যাভিলিয়নে কথা হয় যমুনা ডেনিম উইভিং লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমরা যমুনা ডেনিম থেকে নতুন ও ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে এক্সপোতে অংশ নিয়েছি। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি বায়াররা এসেছেন। দেখেছেন আমাদের প্রোডাক্ট। সবাই বলেছেন, আমরা যে ডেনিম প্রদর্শন করেছি তা অন্য কারও কাছে নেই। দ্বিতীয় দিনেও অনেক ভালো সাড়া পাচ্ছি। সব মিলে শেষ দিন (শনিবার) আমরা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব। কারণ অনেক বায়ার সরাসরি ভিজিট করে কাপড়ের মান ও ধরন হাতে নিয়ে পর্যবেক্ষণ করেছেন। কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছেন। যাদের সঙ্গে আমরা পরবর্তীতে কাজ করব।
যমুনা ডেনিম ও হুরাইন প্যাভিলিয়ন পরিদর্শনে আসা এসএম প্রিন্টার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. জামাল উদ্দীন বলেন, এক্সপোতে এসে সব ধরনের টেক্সটাইল পণ্য দেখেছি। যমুনা ডেনিম ও হুরাইন প্যাভিলিয়নে এসে কিছু নতুনত্ব দেখতে পেয়েছি। সব মিলে অভিজ্ঞতা অনেক ভালো। মনে হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমের জন্য আমরা কথা বলব। কারণ প্রতিষ্ঠান দুটির ফেব্রিক্স ও ডেনিম দেখলেই মনে হচ্ছে তাদের এই বিষয়ে গবেষণা রয়েছে।
এদিকে টেক্সটাইল ইনোভেশন এক্সপো আয়োজকরা জানান, এই এক্সপোতে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা হচ্ছে। প্রদর্শনীতে ৫০টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরা আসছেন। এবারের আয়োজনে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হবে। এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে-বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানা পর্যায়ের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে স্বীকৃতি দেওয়া।
