Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

Icon

আমিরুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অধিদপ্তরে রূপান্তর করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবি)। নতুন নাম দেওয়া হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তরের। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পানি উন্নয়ন বোর্ড ১৯৭২ সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায়। ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ডকে একটি সংবিধিবদ্ধ সংস্থায় রূপান্তর করা হয়। প্রতিষ্ঠানটি বোর্ড হওয়ায় মেধাবী প্রকৌশলী ও চৌকশ কর্মকর্তাদের ধরে রাখতে পারছে না। নিয়োগপ্রাপ্ত প্রকৌশলী ও অন্যান্য কর্মচারীরা সুযোগ পেলেই ক্যাডার সার্ভিসভুক্ত অধিদপ্তর-সংস্থায় চলে যাচ্ছে। এছাড়া সাবসিডারি লোন অ্যাগ্রিমেন্ট ছাড়া অর্থ মঞ্জুরি না পাওয়ায় প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী আর্থিক অনিশ্চয়তায় রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সমস্যা এখানেই শেষ নয়, পানি উন্নয়ন বোর্ডের সব গাড়ির ফিটনেস ও ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক। পানি উন্নয়ন বোর্ড একটি আয়হীন সেবাধর্মী প্রতিষ্ঠান। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হওয়ায় গাড়ির ট্যাক্স পরিশোধ করার মতো অর্থের সংস্থান করতে পারছে না। চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৭ লাখ ৩৮ হাজার ১৪৬ টাকা ব্যয়ে ৮৭টি প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। এমন বাস্তবতায় সরকার প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে রূপান্তর করা হচ্ছে। শিগগিরই এ-সংক্রান্ত আরও একাধিক প্রস্তাব অনুমোদনের জন্য প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় উত্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে বিষয়গুলো প্রকা-নিকারের সভায় পূর্বানুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে দেশে ফেরার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। অসচ্ছল অসহায় মানুষকে সহায়তা দেওয়া জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থাটি অধিদপ্তরের মর্যাদা পাচ্ছে। কম সময়ে ও স্বল্প খরচে আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়। কিন্তু অনুমোদন না থাকায় অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রস্তাব নিকারের সভায় অনুমোদনের শর্ত দেওয়া হয়। সে কারণে প্রস্তাবটি অনুমোদনের জন্য নিকার সভায় উত্থাপন করা হচ্ছে। অসহায়দের আইনগত সহায়তা লাভের সুযোগ দেশব্যাপী ছড়িয়ে দিতে ৬৫টি শাখা কাজ করছে। সংস্থাটির প্রধান কার্যালয়ের জন্য ১৪টি, জেলা লিগ্যাল এইড অফিসের জন্য ১২৮টি, সংস্থার প্রধান কার্যালয়ের জন্য ১০টি, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের জন্য ৬টি, প্রধান কার্যালয়ের জাতীয় হেল্পলাইন কল সেন্টারের জন্য ৮টি এবং জেলা লিগ্যাল এইড অফিসের জন্য আরও ৯৬টি পদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে সংস্থাটির অফিসের জন্য ৮২টি পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়ে ১০৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মরত। এছাড়া সহায়ক কর্মচারী কাজ করছে ১৮৬ জন। এছাড়া আউটসোর্সিং থেকে ৬৫ জন সহায়ক জনবল নিয়োগ হয়েছে। সংস্থা বিলুপ্ত হলে প্রতিষ্ঠানটির জনবল স্বয়ংক্রিয়ভাবে অধিদপ্তরের জনবল হিসাবে গণ্য হবে।

এদিকে জয়পুরহাট জেলার কালাই বাজার থানার আওতায় মাত্রাই নামক স্থানে পুলিশের একটি তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাব নিকার সভায় উত্থাপন করা হচ্ছে। ২৫টি পদ এবং ৯টি যানবাহন ও একটি সরঞ্জাম নিয়ে মাত্রাই পুলিশকেন্দ্রের যাত্রা শুরু হবে। পুলিশের তদন্তকেন্দ্র চালু হলে ১৯ কিলোমিটার এলাকার প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবে। এ প্রস্তাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ জেলায় দক্ষিণ গফরগাঁও নামে একটি থানা হচ্ছে। পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা হচ্ছে। আগের নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা হলেও থানা ছিল না। সে কারণে নতুন থানা সৃষ্টি করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানা গেছে।

এছাড়া সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের প্রস্তাব যাচ্ছে নিকার বৈঠকে। পৌরসভায় জনসংখ্যা ৫০ হাজার ৩৬ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ২০০৪ জন। অকৃষি পেশায় জনসংখ্যার তিন-চতুর্থাংশ জড়িত। অকৃষি জমি মোট জমির ৩৩ শতাংশ। পৌরসভার জন্য প্রস্তাবিত এলাকার রাজস্ব এক কোটি নয় লাখ ৩৬ হাজার ৯০০ টাকা, যা অনুমোদনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান প্রস্তাব করেছেন। এতে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর পূর্বানুমোদন রয়েছে। অপরদিকে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানায় রূপান্তর করা হচ্ছে। এর আগের নিকার সভায় মোকামতলা উপজেলা গঠন করা হয়েছে। এলাকাটি থেকে ৫ কোটি ৩৬ লাখ টাকার বার্ষিক ট্যাক্স আদায় হচ্ছে। জনসংখ্যা ৪০ হাজার ৪৫৬ জন। ইউনিয়ন ৫টি। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব যাচ্ছে নিকার সভায়। ৪০টি পদ ও ২৬টি যানবাহন নিয়ে থানা গঠিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদনের জন্য পরবর্তী সভায় উত্থাপন করা হবে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু রক্ষার বৈশ্বিক আয়োজন দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

আন্তর্জাতিক পুরস্কারজয়ী ক্যাপ্টেনের নতুন বোট জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম