Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

জলবায়ু রক্ষার বৈশ্বিক আয়োজন

দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

।। কপ-৩১ সম্মেলন।। জীবাশ্ম জ্বালানি কোম্পানির প্রভাব জলবায়ু আলোচনাকে বাধাগ্রস্ত করছে-গ্রেটা থুনবার্গ * নীতিনির্ধারণে তাদের প্রভাব ও স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণ জরুরি-শরীফ জামিল

Icon

মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষার অঙ্গীকার নিয়ে তুরস্কের আনতালিয়ায় সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, রাজনীতিক ও পরিবেশকর্মীরা নতুন দিগন্তের পথ তৈরির উপায় নিয়ে কথা বলেছেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের পথ খুঁজছেন তারা। যদিও এই সম্মেলনের অন্যতম করপোরেট অংশীদার কোচ হোল্ডিংয়ের আয়ের বড় অংশ আসে তেল পরিশোধন ও জ্বালানি ব্যবসা থেকে। সম্মেলনের সহযোগী তালিকায় রয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ, খনি, নির্মাণ ও জ্বালানি অবকাঠামোর সঙ্গে যুক্ত আরও কয়েকটি শিল্পগোষ্ঠী। অন্যদিকে, সরকারি প্রতিনিধি দল ও আলোচনাকক্ষেও রয়েছে জীবাশ্ম জ্বালানি কোম্পানির লবিস্টদের উপস্থিতি। ফলে জলবায়ু রক্ষার বৈশ্বিক আয়োজনে দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

কপ-৩১-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোচ হোল্ডিংকে গ্লোবাল বিজনেস পার্টনার হিসাবে যুক্ত করা হয়। প্রতিষ্ঠানটির জ্বালানি বিভাগের অন্যতম প্রধান কোম্পানি তুরস্কের বৃহত্তম তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান তুপ্রাস। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোচ হোল্ডিংয়ের মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশ এসেছে জ্বালানি বিভাগ থেকে। এ ছাড়া ২০৩০ সালের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রাও ২০২৫ সালে শিথিল করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনের অন্য অংশীদারদের মধ্যে রয়েছে বিবিভিএ গ্রুপ ও গ্যারান্টি বিবিভিএ, সাবানজি হোল্ডিং, লিমাক হোল্ডিং, আইসি হোল্ডিং, রেনেসাঁস হোল্ডিং ও সিম্পোরসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এদের সবাই সরাসরি তেল কোম্পানি নয়। তবে কয়েকটি শিল্পগোষ্ঠীর ব্যবসা কয়লাভিত্তিক বিদ্যুৎ, তেল পরিশোধন, খনি ও জীবাশ্ম জ্বালানির অবকাঠামোর সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের তুরস্ক ব্যুরোপ্রধান রাগিপ সোয়লু সাংবাদিকদের বলেন, কোচ, সাবানজি, চেঙ্গিজ, লিমাক ও আইসি হোল্ডিংয়ের মতো শিল্পগোষ্ঠীর বিভিন্ন ব্যবসার সঙ্গে জীবাশ্ম জ্বালানির সম্পর্ক রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মেলনে অংশীদারত্ব নিয়ে স্থানীয় পরিবেশবিদদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যে সম্মেলন আয়োজনের চুক্তিতে অংশীদার প্রতিষ্ঠানের জলবায়ু-সততা বিবেচনার বিষয়টি রয়েছে। কিন্তু কোচ হোল্ডিং কীভাবে সেই যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে, সে বিষয়ে সম্মেলন কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও জবাব পাওয়া যায়নি।

শুধু স্পন্সর নয়, সম্মেলনে জীবাশ্ম জ্বালানি কোম্পানির লবিস্টদের উপস্থিতিও উদ্বেগ বাড়িয়েছে। কিক বিগ পলিউটার্স আউটের (কেবিপিও) তথ্য অনুযায়ী, গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০-এ জীবাশ্ম জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক হাজার ৬০০-এর বেশি ব্যক্তি অংশ নিয়েছিলেন। এবারও আনতালিয়ায় এক থেকে দেড় হাজার লবিস্ট থাকতে পারেন বলে ধারণা পরিবেশকর্মীদের। ১২ নভেম্বর প্রকাশিত ফসিল ফ্রি পলিটিকসের বিশ্লেষণ অনুযায়ী, এবারের সম্মেলনে ইতালির সরকারি প্রতিনিধি দলে রয়েছেন জীবাশ্ম জ্বালানি খাতের ৫০ প্রতিনিধি। ফ্রান্সের দলে রয়েছেন ১৭ জন, তাদের মধ্যে টোটালএনার্জিসের প্রধান নির্বাহী প্যাট্রিক পুইয়ানে। বেলজিয়ামের প্রতিনিধি দলেও রয়েছেন সমুদ্রভিত্তিক জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠানের পাঁচ প্রতিনিধি। তারা সম্মেলনের সীমিত প্রবেশাধিকারযুক্ত আলোচনাকক্ষেও যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে মুনাফা করা প্রতিষ্ঠানগুলো পৃথিবীকে ধ্বংস করার পাশাপাশি বিপুল অর্থ উপার্জন করছে।

সম্মেলনে এসে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কপ সম্মেলনগুলো এখন ‘গ্রিনওয়াশিংয়ের সার্কাসে’ পরিণত হয়েছে। তার অভিযোগ, একদিকে জলবায়ু সঙ্কট মোকাবিলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে এমন শিল্পের স্বার্থ রক্ষার সুযোগ তৈরি হচ্ছে, যাদের ব্যবসা ও মুনাফা সংকট আরও বাড়াচ্ছে। গ্রেটা বলেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে। যাদের মানুষের সুরক্ষায় এগিয়ে আসার কথা, তারাই পৃথিবীকে ধ্বংস করছেন।

বাংলাদেশের পরিবেশকর্মীরাও সম্মেলনে জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল যুগান্তরকে বলেন, এসব কোম্পানির অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করার বদলে তাদের স্বার্থের সংঘাত, অর্থায়ন এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ সীমিত করা জরুরি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন নিশ্চিত করাই কপ-৩১-এর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের আলোচনায় জীবাশ্ম জ্বালানি ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা কতটা গ্রহণযোগ্য, তা বিবেচনা করা প্রয়োজন।

জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। তিনি যুগান্তরকে বলেন, কপ প্রক্রিয়ায় অনেক প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত এসেছে, কিন্তু এখন প্রয়োজন বাস্তবায়ন। বাংলাদেশের প্রধান চাহিদা অভিযোজন অর্থায়ন। অথচ অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব এবারের আলোচ্যসূচিতে জায়গা পায়নি। তার দাবি, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশকে ন্যায্য অর্থায়ন দিতে হবে। এই পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশবিষয়ক গবেষক পাভেল পার্থ যুগান্তরকে বলেন, জলবায়ু সম্মেলন এক ধরনের আশা ভঙ্গের চক্রে আটকে গেছে। প্রতিশ্রুতি আসে, কিন্তু বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয় না। তিনি বলেন, জলবায়ু সম্মেলনকে গ্রিনওয়াশিংয়ের জায়গায় পরিণত করা যাবে না। বাস্তবে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত রেখে জলবায়ু সুরক্ষার কথা বলা এক ধরনের প্রবঞ্চনা। ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে জলবায়ু পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।

প্রসঙ্গত, জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য যেখানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, সেখানে সেই খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের অর্থায়ন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাবের সুযোগ কতটা থাকবে-সেই প্রশ্নই সামনে এসেছে আনতালিয়ায়। প্রতিশ্রুতি ও প্রচারণার বাইরে গিয়ে জলবায়ু রক্ষায় বাস্তব পদক্ষেপ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু রক্ষার বৈশ্বিক আয়োজন দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

আন্তর্জাতিক পুরস্কারজয়ী ক্যাপ্টেনের নতুন বোট জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম