রাজশাহীতে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত
মাত্র ২০ হাজার টাকা জরিমানায় ছাড় * জব্দ না করায় কৃষকদের ক্ষোভ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে একটি কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করা হলেও মাত্র ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তানোরের কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড় লবিয়তলা ব্রিজসংলগ্ন মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরেজে এ ঘটনায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর থেকে তানোরে রাতের আঁধারে চোরাইপথে এনে ২৮০ বস্তা সার স্টোরের গুদামে মজুত করা হয়। স্থানীয় কৃষকরা এসব সার আটক করলেও ভ্রাম্যমাণ আদালত এবং কৃষি বিভাগ এ বিপুল পরিমাণ সার জব্দ করেনি বা নিয়মানুযায়ী জব্দ সার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রিও করা হয়নি। তবে মঙ্গলবার মাদারীপুর বাজারে মাত্র তিন বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। এসব ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে।
মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরেজসংলগ্ন এলাকার কৃষক আইয়ুব আলী বলেন, ‘বৃহস্পতিবার সকালে ডিজিএম আব্দুল হালিম অবৈধভাবে সার নিয়ে আসেন। এসব সারের গাড়ি আমরা আটক করি। কিন্তু বিষয়টি নিয়ে ঝামেলা হতে পারে এ কারণে আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। পরে ভ্রাম্যমাণ আদালত করে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সার জব্দ করা হয়নি বা সরকারি ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়নি।’
একই এলাকার দুই কৃষক ইউনূস সরকার ও আনারুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকরা সার পাচ্ছি না। মাত্র তিন বস্তা সার ধরে ৬০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। কিন্তু রহমান স্টোরেজে ২৮০ বস্তা সার ধরলেও মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হলো। সারগুলো আমাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করলেও কিছুটা সংকট দূর হতো। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী এবং নওগাঁর চৌবাড়িয়া, কেশরহাট, দেলুয়াবাড়ি ও নিয়ামতপুর থেকে রাতের আঁধারে সার এনে রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরেজের একটি টিনের ঘরে মজুত করছেন ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিএম আব্দুল হালিম। সর্বশেষ বৃহস্পতিবার সকালে কয়েক গাড়ি সার আনার সময় স্থানীয় কৃষকরা গাড়িগুলো আটক করে প্রশাসনকে খবর দেন। এ খবর পেয়ে তানোর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে মঙ্গলবার মাদারীপুর বাজারের বিএডিসি সার ডিলার এমদাদুল হক রোকনকে মেমো ছাড়া মাত্র তিন বস্তা সার বিক্রি করায় ইউএনও নাঈমা খানের ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তালন্দ বাজারে অবৈধ সার মজুতের দায়ে বাদল নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানাসহ সারগুলো জব্দ করা হয়।
অভিযোগের বিষয়ে ডিজিএম আব্দুল হালিম বলেন, ‘আমরা নিজেরাই আলুচাষ করব। তানোরে সার পাওয়া যাচ্ছে না। এ কারণে নিয়ামতপুরসহ বিভিন্ন এলাকা থেকে সার এনে মজুত করেছি। এগুলো বেশি দামে বাইরে বিক্রির উদ্দেশ্য নেই।’
কোল্ড স্টোরেজের মালিক ফজলুর রহমান বলেন, ‘সার মজুতের বিষয়টি আমি জানি না। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমাকে না জানিয়ে হালিম সার মজুত করেছেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে সার মজুতের কারণে জরিমানা হয়েছে বলে শুনেছি। বাইরে থেকে এভাবে সার এনে মজুত করার নিয়ম নেই। এটা কীভাবে হয়েছে, বলতে পারব না। সার কেন জব্দ এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়নি, সে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে পারবেন।’
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ‘সার কোথা থেকে এসেছে কাগজপত্র দেখাতে না পারার কারণে জরিমানা করা হয়েছে। যেহেতু তারা নিজেরাই আলুচাষ করবেন, এ কারণে সার জব্দ করা হয়নি। আর এ কারণে জরিমানাও কম করা হয়েছে। তবে একজন সার ব্যবসায়ী মেমো ছাড়া সার বিক্রি করার কারণে তাকে বেশি জরিমানা করা হয়েছে। পক্ষপাতের অভিযোগ ঠিক না। আইনের মধ্যে থেকেই সবকিছু করা হয়েছে।’
