চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর বাজিমাত
২০ হাজার টাকায় শুরু, এখন মাসে ৩ লাখ টাকার বিক্রি
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাকরির পেছনে না ছুটে নিজেদের মতো করে কিছু করার স্বপ্ন দেখেছিলেন পাঁচ বন্ধু। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পুঁজি জোগাড় হয় মাত্র ২০ হাজার টাকা। শুরু করেন ছোট্ট একটি দোকান-বেচেন চুইঝাল মসলার মুড়িমাখা। এখন দিনে বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার টাকার মুড়ি। ব্যতিক্রমী স্বাদের এই মুড়ি বেচে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই পাঁচ শিক্ষিত তরুণ। কুড়িগ্রামের রাজারহাট বাজারের রেললাইনের পাশে তাদের এই অস্থায়ী দোকান। এই পাঁচ উদ্যোক্তা হলেন-নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাদের মধ্যে নুর ও নাহিদ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্য তিনজন অনার্স শেষ করেছেন। তাদের সবার বাড়ি রাজারহাট ও এর আশপাশে। গত অক্টোবরের শুরুতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন মুড়ির ব্যবসা।
প্রতিদিন সকাল থেকেই বাড়িতে চলে প্রস্তুতি। নিজেরাই সংগ্রহ করেন প্রয়োজনীয় উপকরণ। তৈরি করেন বিশেষ মসলা। এরপর বিকালে সবকিছু নিয়ে বসেন রাজারহাট বাজারের রেললাইনের পাশে। তাদের মুড়ির অন্যতম আকর্ষণ স্থানীয় মসলা চুইঝাল। প্রতি বাটিতে মুড়ির সঙ্গে মেশানো হয় রসুন, চুইঝাল ও বিশেষ মসলা। মাত্র ২০ টাকায় পাওয়া যায় এক বাটি মুড়ি। খাবার পরিবেশনে ব্যবহার করছেন ফুড গ্রেড পেপার। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দেওয়ায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে আস্থা। সন্ধ্যা নামলেই দোকানটিতে ক্রেতাদের ভিড় লেগে যায়। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, দোকানের সামনে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের মধ্যে রয়েছেন আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সি মানুষ। মুড়ি খাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছেন। কেউ দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছেন পার্সেল করে।
সন্ধ্যায় মুড়ি খেতে আসা স্কুলশিক্ষার্থী মাহাদি হাসান ও মিনহাজ আহমেদ বলেন, ‘এই মুড়ি অনেক সুস্বাদু। তাদের সেবাও বেশ ভালো। প্রায় এক সপ্তাহ ধরে আমরা এখানে আসছি। মাত্র ২০ টাকায় অনেকটা মুড়ি পাওয়া যায়।’
উদ্যোক্তা নুর আলম বলেন, ‘আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। তবে নিজেদের দৈনন্দিন আয়ের একটি ব্যবস্থা করতেই আপাতত এই উদ্যোগ নিয়েছি। পরে আমরা চা ও কফি চালু করব।’
শুধু ব্যবসা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগানোর চিন্তাও রয়েছে তাদের উদ্যোগের পেছনে।
নাহিদ হাসান বলেন, ‘আমাদের এলাকায় চুই চাষ হয়। কিন্তু স্থানীয়ভাবে এর ব্যবহার খুব বেশি নেই। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। সেই চুইঝাল দিয়েই আমরা যাত্রা শুরু করেছি।’ ফেরদৌস আহমেদ বলেন, ‘এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।’ মনির বলেন, মোটামুটি ২০ হাজার টাকা পুঁজি নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে মাসে বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।
চাকরির অপেক্ষায় বসে না থেকে মাত্র ২০ হাজার টাকা পুঁজি, পাঁচ বন্ধুর সম্মিলিত শ্রম আর নতুন কিছু করার প্রত্যয়-এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের ছোট্ট উদ্যোগ। আপাতত অস্থায়ী দোকানেই সীমাবদ্ধ তাদের ব্যবসা। তবে পাঁচ বন্ধুর স্বপ্ন আরও বড়। তাদের প্রত্যাশা-ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একদিন এই ছোট্ট উদ্যোগই পরিণত হবে একটি প্রতিষ্ঠানে।
