Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রাজশাহীতে নতুন দৃষ্টান্ত

পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি

সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে অনড় খাদ্য নিয়ন্ত্রক * প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ‘মূল্যায়ন কমিটি’ * সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা প্রশংসনীয় : প্রতিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) পদে পদায়ন ঘিরে দীর্ঘদিন তদবির ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ থেকে বেরিয়ে আসতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই এবং লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের পদ্ধতি চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তদবির বাণিজ্যের সুযোগ কমাবে।

ইতোমধ্যে রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামে নতুন পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন করা হয়েছে। ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি এলএসডিতে লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হয়। পদায়ন পাওয়া কর্মকর্তাদের ভাষ্য, কোনো ধরনের তদবির ছাড়াই পছন্দের কর্মস্থলে দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, আগে ওসিএলএসডি পদে পদায়নের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। পদায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠত। গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব নেন এসএম কায়ছার আলী। কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেন তিনি। এতে বলা হয়, পদায়ন নিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরপর পদায়ন প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় একটি মূল্যায়ন কমিটি। আবেদনকারীদের যোগ্যতা যাচাই, নম্বর প্রদান ও চূড়ান্ত মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে। একাধিক প্রার্থী সমান যোগ্যতার বিবেচিত হলে লটারির মাধ্যমে একজনকে নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রক্রিয়াটিকে সহজ ও ডিজিটাল করতে চালু করা হয়েছে www.mybodli.org ওয়েবসাইট। এর মাধ্যমে রাজশাহী বিভাগের ১২টি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়নের কার্যক্রম শুরু হয়েছে। গত ৪ নভেম্বর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব পদে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়।

নতুন পদ্ধতিতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন পেয়েছেন রিয়াজুল হক। তিনি বলেন, ‘এত সহজে কোনো তদবির ছাড়াই পদায়ন পাব, তা কল্পনাও করতে পারিনি।’ বগুড়ার সারিয়াকান্দি এলএসডিতে লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘কোনো ধরনের তদবির ছাড়াই দায়িত্ব পেয়েছি। নতুন এই পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করি।’

উদ্যোগটির বাস্তবায়ন নিয়ে চাপের মুখে পড়ার কথাও জানিয়েছেন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী। তিনি বলেন, ‘একটি বিশাল শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। তারা এখনো সক্রিয়। আমি এই চেয়ারে থাকা অবস্থায় এলএসডি পদায়নে ন্যূনতম দুর্নীতি হতে দেব না। শক্তিশালী ওই সিন্ডিকেটকে বলেছি, পারলে আমাকে বদলি করে দেন। তদবিরের মাধ্যমে কাউকে খারাপ কাজের লাইসেন্স দেব না।’

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এটি। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এমন ভূমিকা রাখলে অবশ্যই তা প্রশংসনীয়। সারা দেশে একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব ক্ষেত্রেই এই লটারি চালু হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে বন বিভাগের অনিয়ম-অব্যবস্থাপনা একে একে মরছে প্রাণী ধুঁকছে সাফারি পার্ক

একে একে মরছে প্রাণী ধুঁকছে সাফারি পার্ক

চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর বাজিমাত

চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর বাজিমাত

রাজশাহীতে নতুন দৃষ্টান্ত পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি

পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম