Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা। ফলে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও ১৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে রোববার গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধির পাঠানো খবর :

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো-অক্সাইড লিমিটেড নামে পোশাক কারখানার সামনে অবস্থান নেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন। এতে সেখানে আর কোনো বিশৃঙ্খলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, সফিপুরে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সকালে তারা গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। রোববার থেকে কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশে উল্লেখ করা হয়-ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়-ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক এবং কর্মকর্তারা রক্তাক্ত ও আহত হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টে শ্রমিকরা কাজে যোগদান করতে আসেন। পরে তারা কাজে যোগ না দিয়ে পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর সকাল পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে মহাসড়ক অবরোধ ছিল। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে আছেন। তিনি আরও জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও ১৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন : শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। দায়িত্বে থাকা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন তরুণদের সচেতন করার তাগিদ

তরুণদের সচেতন করার তাগিদ

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম