Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কপ-৩১ সম্মেলন

তরুণদের সচেতন করার তাগিদ

।। জলবায়ু সংকট।। ২০০ দেশের প্রতিনিধি ১৬৫টি ম্যান্ডেট নিয়ে আলোচনা করেছেন * উপকূলীয় মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান * জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার প্রস্তাব

Icon

আলমগীর মিয়া, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জলবায়ু সংকট মোকাবিলায় শিশু ও তরুণদের সচেতন করার পাশাপাশি উপকূলীয় মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপের তাগিদ এসেছে কপ-৩১ সম্মেলনে। সম্মেলনের প্রথম সপ্তাহ শেষে কৌশলগত বিলম্ব এড়িয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল।

অন্যদিকে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশবিদরা।

সম্মেলনে প্রতিটি দেশ তুলে ধরছে তাদের ম্যান্ডেট। এরই মধ্যে ২০০ দেশের প্রতিনিধি ১৬৫টি ম্যান্ডেট নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশও তুলে ধরেছে দাবিদাওয়া। তবে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন সাইমন স্টিয়েল।

এদিকে, শুক্রবার বিকাল নাগাদ সম্মেলনে অংশ নেওয়া ৯০ জনের বেশি বিশ্বনেতার অধিকাংশই নিজ নিজ দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। এরপর আলোচনার মূল দায়িত্ব পড়ে বিভিন্ন দেশের আলোচক ও প্রতিনিধিদের ওপর।

আনতালিয়ায় চলমান এই সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিনিধিরা (যেমন জামায়াতে ইসলামীসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ) তাদের নিজস্ব জলবায়ু ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেছেন। এবারের সম্মেলনে কিছু হতাশার মাঝেও বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি আশাব্যঞ্জক তথ্য ও বার্তা পাওয়া গেছে।

কপ-৩১-এর সম্ভাব্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে একটি ‘রিফ্লেকশনস’ বা আলোচনার সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে সম্মেলনের শুরু থেকে বিভিন্ন দেশের উত্থাপিত প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের প্রথম খসড়া তৈরির কথা রয়েছে।

সম্মেলনে আলোচনার গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে ব্যবহৃত মোট চূড়ান্ত জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ, মিথেন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অগ্রগতি এবং জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।

তবে এসব প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হতে পারে। অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন জানিয়েছেন, প্রকাশিত সারসংক্ষেপটি চূড়ান্ত আলোচনার দলিল নয়। কোনো প্রস্তাবই এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।

এদিকে, সম্মেলনে জীবাশ্ম জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট ১০০টির বেশি কোম্পানি ও সংগঠনের উপস্থিতির তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশকর্মীরা। তাদের অভিযোগ, জলবায়ু সংকটের জন্য দায়ী বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলো সম্মেলনে অতিরিক্ত প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।

জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : জলবায়ু সংকট মোকাবিলাকে বৈশ্বিক অগ্রাধিকারের কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জলবায়ু বিপর্যয় মানুষের জীবন, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন ও বৈশ্বিক স্থিতিশীলতাকে একসঙ্গে হুমকির মুখে ফেলছে। তাই জলবায়ু পদক্ষেপকে জাতিসংঘের প্রতিটি কাজের কেন্দ্রে রাখতে হবে। তার ভাষায়, ‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।’

গুতেরেসের বক্তব্য অনুযায়ী, দেশগুলোর বর্তমান জাতীয় জলবায়ু অঙ্গীকার বা এনডিসি বাস্তবায়িত হলেও চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

গুতেরেস বলেন, অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করা হলেও প্রয়োজনীয় অর্থের ৩০ শতাংশের কম পূরণ হবে। তাই উন্নত দেশগুলোকে আগের জলবায়ু সম্মেলনগুলোতে দেওয়া অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

কপ-৩১-এ গুতেরেসের বিদায়ি বক্তব্যে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে এসব আহ্বান শেষ পর্যন্ত কতটা কার্যকর সিদ্ধান্তে রূপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) কর্তৃক ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিআইএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অন্য এক অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা দরকার।

এদিকে আরেকটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারেআহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন তরুণদের সচেতন করার তাগিদ

তরুণদের সচেতন করার তাগিদ

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম