চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন চালের বাজার
বস্তায় বেড়েছে ২০০-২৫০ টাকা * কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ
আহমেদ মুসা, চট্টগ্রাম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ৬০ টাকার (প্রতিকেজি) নিচে কোনো চাল পাওয়া যাচ্ছে না। খোলাবাজারে (ওএমএস) এবং শিল্প এলাকায় বিশেষ ওএমএস-এর মাধ্যমে কম দামে চাল বিক্রি করেও বাজার স্থিতিশীল করতে পারছে না প্রশাসন। জিটুজি’র আওতায় বিপুল পরিমাণ চাল আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, মিলার ও আমদানিকারকরা চালের বাজারকে অস্থিতিশীল করে তুলছেন। তারা চাহিদা অনুযায়ী চাল সরবরাহ না করে মজুত করে রাখছেন। পাইকাররা ৩০ টন চাল কেনার চাহিদা দিলে আড়তদার বা মিলাররা ১৫ টান চাল বিক্রি করছেন। ফলে সরবরাহ সংকটের অজুহাতে চালের দাম বাড়ানো হচ্ছে। চাল ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে রাজনৈতিক অস্থিরতার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে চাল আসা কমে গেছে। চাহিদা অনুযায়ী চাল আনা যাচ্ছে না। বেড়েছে পরিবহণ খরচও। ফলে চালের দাম ঊর্ধ্বমুখী। এ কারণে সব ধরনের চালের বাজারে প্রভাব পড়ছে। হু-হু করে বাড়ছে চালের দাম।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। মোটা চালের (স্বর্ণা) কেজি ৬০-৬৫ টাকা ছিল, তা এখন ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের (পাইজাম ও বিআর-২৮) কেজিপ্রতি ৭২-৭৪ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিনের মধ্যে বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে মাঝারি মানের চালের। কেজিপ্রতি মাঝারি মানের চালের দাম ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে জাত ও মানভেদে চিকন চাল নাজিরশাইল ৮৩ থেকে ৮৫ টাকা, মিনিকেট চাল ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি মানের বিআর ২৮ ও ২৯ নম্বর চাল ৬২ থেকে ৬৫ টাকা এবং গুটি, চায়না ইরিসহ মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, যা আগে প্রতিকেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত কম ছিল। এ বছর রেকর্ড পরিমাণ বেড়েছে পোলাও চালের দাম। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পাহাড়তলী ও চাক্তাইয়ের একাধিক চাল ব্যবসায়ী জানান, পরিবহণ মালিকরা ট্রাক ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ঢাকার বিভিন্ন গুদাম থেকে চট্টগ্রামে চাল পরিবহণ করতে ট্রাক ভাড়া বাবদ খরচ হতো ১৭ হাজার থেকে ২১ হাজার টাকা। এক সপ্তাহের বেশি সময় ধরে এই ট্রাক ভাড়া দাঁড়িয়েছে ২৭ হাজার থেকে ৩০ হাজার টাকা। একইভাবে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাল পরিবহণে ট্রাক ভাড়া ছিল ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা। এখন ট্রাক ভাড়া আদায় করা হচ্ছে ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কুমিল্লার আশুগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চাল পরিবহণে ট্রাক ভাড়া ছিল ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা। এই ট্রাক ভাড়া এখন দাঁড়িয়েছে ২৪ হাজার থেকে ২৬ হাজার টাকায়। চট্টগ্রাম-কক্সবাজার বা টেকনাফ রুটেও চাল পরিবহণে এখন দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে।
চাল ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, অতিরিক্ত ট্রাক ভাড়া বৃদ্ধির প্রভাবে বেড়েছে চালের দাম। পাশাপাশি অন্যান্য খরচও বেড়েছে। নগরীর পাহাড়তলী বাজারের চালের আড়তদার করিম উল্লাহ জানান, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিলপর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষদিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন ধান উঠলে চালের দাম কমে আসবে।
