Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

আবাসিক প্লটে কয়েকশ অবৈধ স্থাপনা

বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে লাকসাম হাউজিং

Icon

এমএ মান্নান, লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পরিকল্পিত আবাসন, সুন্দর পরিবেশ আর নাগরিক সুবিধা-সব মিলিয়ে স্বপ্নের একটি আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় চার দশক পর সেই স্বপ্ন অনেকটাই ভেঙে গেছে। কুমিল্লার লাকসাম হাউজিং এস্টেট এখন আবাসিক এলাকার চেয়ে বাণিজ্যিক অঞ্চল হিসাবেই বেশি পরিচিত। আবাসিক প্লটে গড়ে উঠেছে কয়েকশ দোকানপাট ও প্রতিষ্ঠান। দখলে রয়েছে কমিউনিটি সেন্টারের জন্য বরাদ্দ জমিও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বসছে বখাটে ও মাদকসেবীদের আড্ডা। এতে আবাসিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।

১৯৮৭ সালে ১০ দশমিক ২২ একর জমিতে যাত্রা শুরু করে লাকসাম হাউজিং এস্টেট। তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোকছোদ আলী এটি প্রতিষ্ঠা করেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসনের লক্ষ্যে গড়ে তোলা এ প্রকল্পের নকশায় ছিল প্রশস্ত সড়ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার। মসজিদের জন্য ১০ দশমিক ১৮ শতাংশ, স্কুলের জন্য ১০ দশমিক ২২ শতাংশ এবং কমিউনিটি সেন্টারের জন্য ২০ দশমিক ২৬ শতাংশ জমি বরাদ্দ রাখা হয়। মসজিদ নির্মিত হলেও স্কুল ও কমিউনিটি সেন্টারের জমি বর্তমানে পরিবহণ খাতের দখলে রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটির ৯টি সেকশনে মোট ৮৭টি প্লট রয়েছে। এর মধ্যে ৭৪টি আবাসিক ও ১৩টি বাণিজ্যিক। তবে সরেজমিন দেখা গেছে, আবাসিক প্লটগুলোর প্রায় প্রতিটিতেই গড়ে উঠেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। পাশাপাশি হাউজিং মসজিদ ও প্রধান সড়কের দুই পাশে রয়েছে ছোট-বড় কয়েকশ অবৈধ স্থাপনা। এসব স্থাপনার মধ্যে রয়েছে কাঁচাবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, হাসপাতাল, এনজিও, ফার্নিচার শোরুম, খাবার হোটেল, বিউটি পার্লার, ফ্যাশন হাউজ, হার্ডওয়্যার ও ইলেকট্রিক দোকানসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠান। এমনকি প্রধান প্রবেশগেটও ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড হিসাবে।

স্থানীয়দের অভিযোগ, মালিকপক্ষ নিয়মবহির্ভূতভাবে এসব প্রতিষ্ঠান ভাড়া দিয়ে জামানত হিসাবে কোটি কোটি টাকা আদায় করছে। এসব প্রতিষ্ঠানে আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের অভিযোগও রয়েছে। পিডিবির তথ্য অনুযায়ী, আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও এখানে প্রায় ৮২টি বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। হাউজিং এস্টেটে থাকা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়টি বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, সন্ধ্যার পর সেখানে মাদক সেবনের আসর বসে। এতে এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, দীর্ঘ ৩৯ বছরেও আবাসিক নীতিমালা বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। দ্রুত পরিকল্পিত পরিবেশ ফিরিয়ে আনা দরকার।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন বলেন, প্রশাসনের দীর্ঘ নীরবতা এ নৈরাজ্যকে উসকে দিয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

হাউজিং এস্টেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। প্রভাবশালীরা অনুরোধ ও মৌখিক নির্দেশ অমান্য করে ব্যবসা চালাচ্ছেন। তাদের পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিচালনা কমিটির সভাপতি নার্গিস সুলতানা বলেন, আবাসিক প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই। ব্যবহারকারীদের তালিকা তৈরি এবং অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হচ্ছে। দ্রুত তাদের অপসারণ করা হবে। কমিউনিটি সেন্টারের জমি চিহ্নিত রয়েছে। বরাদ্দপ্রাপ্তিসাপেক্ষে সেখানে এটি নির্মাণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবাসিক প্লটে কয়েকশ অবৈধ স্থাপনা বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে লাকসাম হাউজিং

বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে লাকসাম হাউজিং

প্রচারবিমুখ হায়দার বসুনিয়া এসপির চাকরি ছেড়ে গ্রামে লিখেছেন অর্ধশত উপন্যাস

এসপির চাকরি ছেড়ে গ্রামে লিখেছেন অর্ধশত উপন্যাস

কিশোরগঞ্জে কেজিতে লোকসান ১১ টাকা দরপতনে দিশেহারা আলুচাষি

দরপতনে দিশেহারা আলুচাষি

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন চালের বাজার

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন চালের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম