কিশোরগঞ্জে কেজিতে লোকসান ১১ টাকা
দরপতনে দিশেহারা আলুচাষি
এ টি এম নিজাম, কিশোরগঞ্জ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালো মুনাফার আশায় হিমাগারে আলু রেখেছিলেন কিশোরগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা। এর মধ্যে মৌসুমের একদম শেষ দিকে এসেও আলুর প্রত্যাশিত দাম বাড়েনি। একদিকে নতুন আলু ওঠার সময় প্রায় আগত, অন্যদিকে নজিরবিহীন দরপতনে হিমাগার থেকে আলু বের করতে উভয় সংকটে পড়েছেন তারা। পরিস্থিতি এমন যে এখন আলু বিক্রি করতে গেলে কেজিতে তাদের ১০ থেকে ১১ টাকা লোকসান গুনতে হচ্ছে। এতে আলুচাষি ও ব্যবসায়ীরা দিশেহারা অবস্থায় পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, সাধারণত এক বস্তায় ৬৫ কেজি আলু থাকে। বাছাইয়ের পর বিক্রিযোগ্য থাকে প্রায় ৬০ কেজি। উৎপাদন, পরিবহণ ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজিতে খরচ পড়ে যায় ২৩ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে পাইকারি বাজারে আলুর দাম নেমে এসেছে ১২ থেকে ১৪ টাকায়। এতে কেজিতে লোকসান গুনতে হচ্ছে ১০ থেকে ১১ টাকা। কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি মিলিয়ে ছয়টির মতো হিমাগার রয়েছে। পাকুন্দিয়ার এগারসিন্দুর কোল্ড স্টোরেজ ও পূর্বাচল হিমাগার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মৌসুমের শেষ সময়েও হিমাগার দুটিতে আলু খালাসের তেমন তোড়জোড় নেই। বাজারে ক্রেতা না থাকায় অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী আলু বের করার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
হিমাগার কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মার্চ-এপ্রিলে এসব আলু সংরক্ষণ করা হয়েছিল। সাধারণত ১৫ নভেম্বর পর্যন্ত আলু খালাসের সময় নির্ধারিত থাকে। তবে এবার বাজারে ব্যাপক সরবরাহ ও দরপতনের কারণে এখনো বিপুল পরিমাণ আলু হিমাগারে রয়ে গেছে।
কিশোরগঞ্জের হোসেনপুরের আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু রেখেছিলেন। এখন কেজিতে ১০-১১ টাকা লোকসান গুনতে হচ্ছে। সুখিয়া গ্রামের আলুচাষি রিপন মিয়া বলেন, ‘কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে। অনেক কষ্ট করে আলু উৎপাদন করে হিমাগারে রেখেছিলাম ভালো দাম পাওয়ার আশায়। এখন ভরা মৌসুমেও ক্রেতা নেই, দামও কমে গেছে। এতে আমরা মহাবিপদে পড়েছি।’ এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, এ বছর তাদের হিমাগারে ১ লাখ ৩৯ হাজার ১৭৪ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত খালাস হয়েছে ৮৪ হাজার ৫০০ বস্তা। নির্ধারিত সময়ের মধ্যে সব আলু খালাস হওয়ার সম্ভাবনা নেই। পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেন, একই ফসলের ওপর নির্ভরশীল না হয়ে কৃষকদের শস্য বহুমুখীকরণ করতে হবে। রবি মৌসুমে আলুর পাশাপাশি সরিষা ও গম চাষে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অল্প জমিতে ভুট্টা, পেঁয়াজ ও শীতকালীন শাকসবজি আবাদ করা যেতে পারে। এতে একটি ফসলে লোকসান হলেও অন্য ফসলের লাভ দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষকের আর্থিক ঝুঁকি কমানো সম্ভব। তবে উৎপাদিত আলু দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা না করা গেলে এবং সঠিক বাজারজাতের অভাবে পাট, আখের মতো সম্ভাবনাময় এই ফসল আবাদও আশঙ্কাজনকহারে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, যদি গুণগত মানসম্পন্ন আলু উৎপাদন ও গ্রেডিং করা যায় এবং রোগ ও পোকামুক্ত আলু উৎপাদন করে উপযুক্ত কুলিং ব্যবস্থা নিশ্চিত করা যায় তাহলে আমাদের এই ফসলের রপ্তানি চাহিদা বাড়বে। এজন্য আলুচাষিদের মধ্যে সচেতনতাবোধ তৈরিতে অধিদপ্তর কাজ করছে।
