প্রচারবিমুখ হায়দার বসুনিয়া
এসপির চাকরি ছেড়ে গ্রামে লিখেছেন অর্ধশত উপন্যাস
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এসপি পদে চাকরির সুযোগ পেয়েও মায়ের কান্না আর গ্রামের মাটির টানে ফিরে এসেছিলেন নিজ এলাকায়। বেছে নিয়েছিলেন শিক্ষকতা। দিনের বেলায় শিক্ষার্থীদের পাঠদান, সংসারের দায়িত্ব পালন আর রাতের নীরবতায় সাহিত্যচর্চায় কেটেছে তার জীবনের দীর্ঘ সময়। লিখেছেন ৫০টির বেশি উপন্যাস, সাতটি নাটক ও ছয়টি কাব্যগ্রন্থ। অথচ জীবদ্দশায় তিনি নিজের লেখক সত্তার প্রচার করতে চাননি। কুড়িগ্রামের রাজারহাটের সেই নিভৃতচারী কথাসাহিত্যিক হায়দার আলী বসুনিয়ার জন্মদিন ৩০ নভেম্বর।
হায়দার বসুনিয়ার জন্ম ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে। তার বাবা জসিম উদ্দিন বসুনিয়া ছিলেন বিদ্বান ব্যক্তি। তাদের বাড়ি এলাকায় ‘পণ্ডিত বাড়ি’ নামে পরিচিত ছিল। শৈশব থেকেই পড়াশোনার প্রতি ছিল তার গভীর আগ্রহ।
নাজিমখান ইউনিয়নে প্রাথমিক শিক্ষা শেষে তিনি কুড়িগ্রাম হাইস্কুলে (বর্তমান রিভার ভিউ স্কুল) মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন। পরে গাইবান্ধা কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে এসপি পদে চাকরির সুযোগ পেয়েও মায়ের কান্না ও গ্রামের প্রতি টানে তিনি সেই পথে এগোননি। ফিরে আসেন নিজ এলাকায়। নাজিমখান জুনিয়র হাইস্কুলে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘ শিক্ষকতা শেষে ২০০৩ সালে তিনি অবসরে যান।
শিক্ষকতার পাশাপাশি পাঁচ ছেলে ও এক মেয়ের জনক হায়দার বসুনিয়া সন্তানদের উচ্চশিক্ষিত করতে ছিলেন আপসহীন। সংসারের ব্যয় মেটাতে শিক্ষকতার পাশাপাশি তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শিখে উলিপুর ও নাজিমখানে দুটি ওষুধের দোকান গড়ে তোলেন।
জীবনসংগ্রামের এত ব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্যচর্চা থেকে সরে যাননি। ১৯৫৯ সালে তিনি লেখালেখি শুরু করেন। প্রথম দিকে কবিতা ও ছোটগল্প লিখলেও পরে মনোযোগী হন উপন্যাসে। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘জেগে আছি’। ১৯৯৯ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘সেতু’। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘তিস্তা নদীর পাড়ে’, ‘মেথর সমাচার’, ‘হাতবদল’, ‘অসমাপ্ত কথা’, ‘একাত্তরের লারমা সমাচার’, ‘বাউন্ডুলের আত্মকথন’, ‘গল্পসমগ্র’, ‘রাজাকারের মের্জাই বদল’, ‘মুখোশ’, ‘মুখরিত মিছিলে’, ‘মরা তিস্তার দ্যোতক চিহ্নে’, ‘চলো যাই তেপান্তরের মাঠে’, ‘দুটো পোড়া বাড়ির ইতিকথা’, ‘তুলো মুনি’, ‘ভাগ্যান্বেষী ভবঘুরে’, ‘আপন মনের আরশি’, ‘কবিরের ভিটা-মাটি’ ও ‘কামনা’। তার সাহিত্যে উঠে এসেছে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক, প্রেম-বিরহ, আশা-নিরাশা ও জীবনসংগ্রামের নানা চিত্র। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রান্তিক মানুষের বাস্তবতা এবং সমাজের নানা অসংগতি। মুক্তিযুদ্ধ ও মানুষের মনোজগৎ স্থান পেয়েছে তার সাহিত্যকর্মে। এত বিপুল সাহিত্যকর্মের পরও প্রচার-প্রচারণা থেকে নিজেকে দূরে রেখেছেন হায়দার বসুনিয়া। নিজের লেখক পরিচয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইতেন না। এমনকি মৃত্যুর প্রায় পাঁচ বছর আগেও নিজ গ্রামসহ অনেকের কাছে তিনি লেখক হিসাবে পরিচিত ছিলেন না। তার লেখা ও পাণ্ডুলিপি পড়ে থাকত ব্যক্তিগত সংগ্রহে। তাকে লেখক হিসাবে পরিচিত করতে উদ্যোগ নেন কুড়িগ্রামের কয়েকজন সাহিত্য ও সংস্কৃতিকর্মী। তাদের মধ্যে সাইদুল আবেদিন ডলার, আ. ছোবাহান জুয়েল ও মোনছেফা তৃপ্তি খাতুন উল্লেখযোগ্য।
হায়দার বসুনিয়ার ছয় সন্তানই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে সেজো ছেলে অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা ড. শাহাজাদা বসুনিয়া বাবার সাহিত্যকর্ম সংরক্ষণ ও প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইংরেজি সাহিত্যে পিএইচডি করা ড. শাহাজাদা বাবার অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে ১৪টি বই প্রকাশের ব্যবস্থা করেছেন। আরও চারটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। ২০২৫ সালের ২৪ জানুয়ারি ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান হায়দার আলী বসুনিয়া। তবে তার মৃত্যুতে থেমে যায়নি সাহিত্যযাত্রা। পরিবারের উদ্যোগে অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে বই প্রকাশের কাজ চলছে। জন্মদিনে তাকে স্মরণ করছেন স্বজন, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
