অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ
বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা
প্রকাশনা, পদোন্নতি ও চাকরির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন। অভিযোগের পর স্থায়ীকরণ স্থগিত
জাহিদ হাসান
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক পদে ডা. নাসরিন চৌধুরীর নিয়োগ ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। প্রকাশনার সংখ্যা, পদোন্নতির যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন একই পদে আবেদনকারী দুই চিকিৎসক। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার চাকরি স্থায়ীকরণের আদেশ স্থগিত করেছে প্রশাসন। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএমইউ-এর বিজ্ঞপ্তির বিপরীতে বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক পদে আবেদন করেন ১১ চিকিৎসক। ২০২৫ সালের ২৬ জুন ডা. নাসরিন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। এরপর তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নথি নিয়ে আপত্তি জানান দুই আবেদনকারী। তারা হলেন খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাসুদ মো. আব্দুল আজিজ ও রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহা. মাহবুবুর রহমান। তাদের একটি অভিযোগ আমলে নিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগকারীদের দাবি, অধ্যাপক পদে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর স্কোপাস বা পাবমেড ইনডেক্সড জার্নালে অন্তত তিনটি প্রকাশনা থাকার কথা। কিন্তু ডা. নাসরিনের প্রকাশিত গবেষণাপত্র ছিল দুটি। এর সঙ্গে ছিল একটি অ্যাকসেপ্টেন্স লেটার। তাদের ভাষ্য, সহকারী অধ্যাপক হিসাবে তিন বছরের অভিজ্ঞতা ছাড়াই ডা. নাসরিনকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। সংশ্লিষ্ট পদে তার অভিজ্ঞতা ছিল এক বছর ১১ মাস। অভিযোগকারীরা আরও দাবি করেছেন, একই সময়ে দুটি প্রতিষ্ঠানে ভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্যও তার নথিতে রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. নাসরিনের চাকরি স্থায়ীকরণের আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি অভিযোগ যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ নভেম্বর গঠিত কমিটিকে ২৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডা. মাহবুবুর রহমান যুগান্তরের কাছে দাবি করেন, নিয়োগের আগেই নির্দিষ্ট একজন প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়টি আলোচনায় ছিল। অন্যদিকে ডা. মাসুদ আজিজ জানান, তিনি ২০০১ সালে বিএমইউ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি এ পদে নিয়োগের জন্য অধিক যোগ্য। অভিযোগকারীদের দাবি, ডা. নাসরিনকে নিয়োগে বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হক ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোজাম্মেল হক। তিনি যুগান্তরকে বলেন, ডা. নাসরিনের নিয়োগ নিয়ে প্রচারিত অভিযোগের কোনো ভিত্তি নেই। এসব অভিযোগের জবাব দিতে আমি প্রস্তুত। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ডা. নাসরিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএমইউ ও পিএসসিতে আমার এসব নথির ভিত্তিতে বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছি। আনুষ্ঠানিকভাবে জানালে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজের বক্তব্য তুলে ধরব।
এ বিষয়ে নিয়োগকালীন উপাচার্য ডা. শাহিনুল আলম ও বর্তমান উপাচার্য অধ্যাপক এফএম সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল যুগান্তরকে বলেন, এ ঘটনায় গঠিত প্রাথমিক তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনার জন্য বর্তমানে দ্বিতীয় পর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে। তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
