Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

নথি সংরক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত

চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের প্রায় ৭০টি আদালতে অবৈধভাবে কাজ করছেন তিন শতাধিক উমেদার। আদালতের নথি সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী, পেশকার, সেরেস্তাদারদের অধীনে থাকা উমেদারদের অনেকে বিচারপ্রার্থীদের হয়রানি করেন বলে অভিযোগ আছে। সেবাপ্রার্থীদের জিম্মি করে তাদের কেউ বিপুল অর্থের মালিকও হয়েছেন। আবার তাদের কেউ নামমাত্র টাকায় দীর্ঘদিন ধরে সেবা দিয়ে চলেছেন। তবে তারা নিয়মনীতির বাইরে থাকায় সেবার বদলে ঝুঁকিই বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, আদালতে লোকবল সংকটের কারণে উমেদারদের মাধ্যমে কাজ করানোর রীতি দীর্ঘদিনের। যেভাবে দিনে দিনে আদালত বেড়েছে, মামলা বেড়েছে-ঠিক সেভাবে কর্মচারী বাড়েনি। এজন্য সেবা দিতে অঘোষিতভাবে উমেদারদের দিয়ে কাজ করানো হয়। তবে নিয়োগ ও বৈধতা না থাকায় তারা কোনো অপকর্ম করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। যদিও আদালত ও আইন কর্মকর্তারা বলছেন, আদালতে উমেদার না রাখার বিষয়ে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন যুগান্তরকে বলেন, ‘জেলার আদালতগুলোতে বর্তমানে কর্মচারী সংকট নেই। তাই উমেদারের প্রয়োজনীয়তাও নেই। তবে কোনো আদালতে উমেদার কাজ করলেও তা আমাদের নলেজের বাইরে।’ মহানগর জজশিপের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত বলেন, লোকবল সংকটে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বা পেশকাররা নিজেদের সুবিধার্থে উমেদারদের দিয়ে কাজ করান। এতে বিচারপ্রার্থীরাও দ্রুত সেবা পান। তবে কোনো ক্ষেত্রে তাদের দ্বারা যে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন না-সেটাও বলা যাবে না। এই সীমাবদ্ধতা ও সংকট চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পারিবারিক আদালত, পরিবেশ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতের অধীনে নগরী ও জেলায় ৭০টির মতো আদালত রয়েছে। এসব আদালতের অধীনে রয়েছেন তিন শতাধিক উমেদার। তারা মূলত সংশ্লিষ্ট আদালতের পেশকার, সেরেস্তাদার, বেঞ্চ সহকারীদের কাজে সহায়তা করেন। মামলার নথি সংরক্ষণ, বিচারপ্রার্থীদের তারিখ দেওয়া, সমন ও ওয়ারেন্ট পাঠানোর প্রসেসিংসহ নানা কাজ করে থাকেন তারা। অভিযোগ আছে-অনেক উমেদার ১৫-২০ বছর ধরে কাজ করার কারণে নিজেদের আদালতের কর্মচারী মনে করেন। এই সুযোগে তারা বিচারপ্রার্থীদের জিম্মি করে টাকা নেন। আবার জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার নথি গায়েব করে ফেলা, নথি টেম্পারিং করা, হারিয়ে যাওয়া নথি ঘষা-মাজা করে পরিবর্তন করাসহ বিচারিক গোপনীয়তা ফাঁস করেন কেউ কেউ। এ অবস্থায় এসব অবৈধ উমেদার অনেক সময় ঝুঁকি বাড়াচ্ছেন বিচারপ্রার্থীদের।

জানা গেছে, পটিয়া প্রথম সিনিয়র সিভিল জজ আদালতে উমেদার হিসাবে আছেন নূর উদ্দিন। প্রথম যুগ্ম জজ আদালত, চট্টগ্রামে শংকর, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিন্টু ও পরিবেশ আদালতে পিন্টু উমেদার হিসাবে দীর্ঘদিন ধরে আছেন। এই তিনজন আবার সহোদর। দ্বিতীয় যুগ্ম জজ আদালতে মো. আরিফ, মহিউদ্দিন, তৃতীয় যুগ্ম জজ আদালতে করিম, তৃতীয় সহকারী জজ আদালতে শহীদ, পঞ্চম সহকারী জজ আদালতের মাকসুদ ও মো. আজাদ, মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রামে শিবু উমেদার হিসাবে আছেন। তারা ১০ থেকে ২৫ বছর ধরে কর্মরত। তাদের বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার যুগান্তরকে বলেন, ‘চট্টগ্রামের প্রায় প্রতিটি আদালতে একজন পেশকারের অধীনে একাধিক উমেদার রয়েছেন। লোকবল সংকটের কারণেই এদের রাখা হয়েছে। তাই লোকবল সংকট নিরসন করাই উমেদার অপসারণের একমাত্র পথ। এছাড়া অবৈধ উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনাও ছিল।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর পিপি শফিউল মোরশেদ চৌধুরী যুগান্তরকে বলেন, ‘উমেদাররা কোর্টে কাজ করেন ঠিকই; কিন্তু অনেক উমেদার মামলার রেকর্ড নিয়ে বিচারপ্রার্থীদের জিম্মি করে অকাজটাই বেশি করেন। তাদের দ্বারা সেবার চেয়ে ঝুঁকিটাই বেশি থাকে। এ বিষয়ে সরকারের ভাবা উচিত।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

নথি সংরক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম