যুগান্তরে সংবাদ প্রকাশের পর
জব্দ ১২০ টন গম ছাড় পেল ‘ভুয়া কাগজে’
জড়িত আ.লীগের সাবেক এমপির ফ্লাওয়ার মিল
আহমেদ মুসা, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ করা সরকারি ১২০ টন গম ভুয়া কাগজপত্র দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি এমএ মোতালেবের প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্লাওয়ার মিলের পক্ষে ভুয়া কাগজপত্র জমা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে ওই ছাড় নেওয়া হয়। বিষয়টি নিয়ে খাদ্য বিভাগে তোলপাড় চলছে।
জানা যায়, ১০ অক্টোবর দক্ষিণ নাসিরাবাদ শিল্প এলাকায় ইউনাইটেড ফ্লাওয়ার মিলের সামনে পাহারা বসিয়ে চট্টগ্রাম সাইলো থেকে গম নিয়ে আসা দুটি ট্রাকের গতিরোধ করা হয়। সেখান থেকে একটি ট্রাক জব্দ করা সম্ভব হলেও আরেকটি পালিয়ে যায়।
ওইদিন বিকালে জেলা প্রশাসন, এসআরবি ও বায়েজিদ থানা পুলিশের সমন্বয়ে ইউনাইটেড ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ মিলে বিপুল পরিমাণ সরকারি গমের সন্ধান পাওয়া যায়। তখন ২ হাজার ৪০১ বস্তা সরকারি গম জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি গমভর্তি ট্রাকটিও পুলিশের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ গমগুলো নিজেদের দাবি করে আদালতে কাগজপত্র দাখিল করে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ৯ অক্টোবর দুপুরে চট্টগ্রাম সাইলো থেকে ওই ট্রাকে গম বোঝাই করা হয় এবং সেদিনই সেখান থেকে বের হয় ট্রাকটি।
পতেঙ্গায় অবস্থিত চট্টগ্রাম সাইলোর রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, ট্রাকটির গন্তব্য খাগড়ছড়ির মানিকছড়ি সরকারি খাদ্যগুদাম। ৩০১ বস্তা গমবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছায়নি। সেটি ১০ অক্টোবর রাত ৯টা ২৯ মিনিটে এমএ মোতালেবের কিষোয়ান মিলে খালাস করা হয়। আরেকটি ট্রাক ১০ অক্টোবর সকাল ৮টার দিকে ফ্লাওয়ার মিলের সামনে আটকে রাখেন স্থানীয়রা।
অথচ আদালতে মিল কর্তৃপক্ষের দাখিল কাগজপত্রে দাবি করা হয়েছে, দীঘিনালার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে ৩০০ বস্তা গম ওই মিলে সরবরাহ করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, মিল কর্তৃপক্ষ জব্দ করা গম ফেরত এবং তিন লাখ টাকা জরিমানার আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেছিল। বুধবার বিচারক জব্দ ১২০ টন গম প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে ৩ লাখ টাকা জরিমানার বিষয়ে কোনো আদেশ দেননি।
খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, সাইলো থেকে সরকারি গম বের হওয়ার পর মাঝপথে সেগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি অর্ডারের (ডিও) গম হিসাবে দেখানো হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার নামে জাল ডিও ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি চাল-গম আত্মসাৎ করে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ভুয়া ডিওর ফটোকপি দেখিয়ে বিভ্রান্ত করে। এর মাধ্যমে সরকারি গুদাম থেকে সরবরাহ করা গমের প্রকৃত গন্তব্য আড়াল করে পাচার করা হয়।
