পঞ্চগড়ে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট
এসএ মাহমুদ সেলিম, পঞ্চগড়
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট। জেলার দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলার এই হাটে প্রতিদিন বেচাকেনা হয় প্রায় কোটি টাকার জলপাই। অসংখ্য ফড়িয়া ও চাষির হাঁকডাকে মুখরিত থাকে হাটটি। চাষি ও গ্রাম পর্যায়ের ফড়িয়া এবং ব্যবসায়ীরা বাগান থেকে জলপাই সংগ্রহ করে এই হাটে আড়তদারের কাছে বিক্রির জন্য নিয়ে আসেন। আর আড়তদারের কাছ থেকে সারা দেশের ব্যবসায়ীরা জলপাই কিনে নিয়ে যান রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও অনুকূল পরিবেশ বজায় থাকায় দেশব্যাপী ক্রমেই সুপরিচিত হয়ে উঠেছে প্রায় ৪০ বছর আগে গড়ে উঠা এই হাটটি।
এখন বাণিজ্যিক ভিত্তিতে জলপাইয়ের চাষ হচ্ছে পঞ্চগড়ে। গুণগত মান ও স্বাদের কারণে এখানকার জলপাইয়ের চাহিদা রয়েছে সারা দেশে। আর এসব জলপাই উঠে দেবীগঞ্জের দেবদারুতলার হাটে।
প্রতি কেজি জলপাই প্রকার ভেদে এখানে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৬০ টাকা দরে। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এ হাটে চলে জলপাইয়ের জমজমাট বেচাকেনা। এদিকে জলপাই চাষ কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। ফল সংগ্রহ, পরিবহণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করার মাধ্যমে অনেক মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীরা জলপাইয়ের আচার ও অন্য খাদ্যসামগ্রী তৈরি করে বাড়তি আয় করছেন। তবে সঠিক সংরক্ষণ ও বাজারজাত ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে জলপাইভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে উঠতে পারে।
সংশ্লিষ্টদের মতে, দেবীগঞ্জের দেবদারুতলা এখন দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট। শুধু পঞ্চগড়েই নয় আশপাশের জেলার জলপাই চাষিসহ ছোটখাটো ব্যবসায়ীরা জলপাই বিক্রি করতে প্রতিদিন ভিড় জমান এ হাটে। আর চাহিদামতো জলপাই কিনতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ছুটে আসেন এখানে। ইতোমধ্যে এ হাটকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান। ক্রমবর্ধমান চাহিদাকে মাথায় রেখে স্থানীয় চাষিদের আরও ব্যাপকভাবে জলপাই চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের আকৃষ্ট করতে হাটের অবকাঠামো উন্নয়নসহ এর পরিধি আরও বাড়ানোর জন্য তাগিদ দিচ্ছে হাট কর্তৃপক্ষও।
পঞ্চগড়ের দেবীগঞ্জের কৃষক আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে প্রচলিত ফসল চাষ করে খুব বেশি লাভ করতে পারছিলেন না। এক সময় কৃষি বিভাগের পরামর্শে তিনি নিজের জমির এক কোণে জলপাইয়ের কয়েকটি গাছ লাগান। নিয়মিত গাছের পরিচর্যা করতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাছগুলো বড় হতে থাকে। এক সময় সেগুলোতে প্রচুর ফল ধরে। তিনি উৎপাদিত জলপাই স্থানীয় বাজারে বিক্রি করার পাশাপাশি আচার তৈরির উদ্যোগ নেন। এতে তার আয়ের নতুন পথ তৈরি হয়। ধীরে ধীরে তার বাগানের সুনাম ছড়িয়ে পড়ে। আশপাশের কৃষকরাও জলপাই চাষে আগ্রহী হয়ে উঠেন। এভাবেই তার দীর্ঘ পরিশ্রম ও পরিকল্পনা একটি সফল উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠে।
নারায়ণগঞ্জ থেকে জলপাই কিনতে আসা শরিফুল ইসলাম ব্যাপারী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তাসহ সুলভ মূল্যে চাহিদামতো মানসম্পন্ন জলপাই কেনার পরিবেশ রয়েছে এ হাটে। তাই প্রতিবছর আমি এখান থেকে জলপাই কিনে থাকি।
পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বলেন, অনুকূল আবহাওয়া ও পরিবেশকে কাজে লাগিয়ে এ অঞ্চলে জলপাইয়ের চাষ আরও বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ করার সুযাগ রয়েছে। পাশাপাশি জলপাই চাষিদের উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে।
