Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ইজারার বালু উত্তোলনে বাধা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা

৭টি গুলির খোসা এবং ৫টি তাজা গুলি উদ্ধার, আহত পাঁচ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুষ্টিয়ায় বিএনপি নেতার ইজারা নেওয়া বালুমহালে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়ি এবং দলের ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ১৫ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী এবং শহর শাখা ইউনিট সদস্য শাজাহান আলীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা এবং পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তারা সবাই জামায়াতের স্থানীয় নেতাকর্মী।

তবে বিএনপি নেতারা দাবি করেছেন, কয়েকদিন ধরে ওই বালুমহালে জামায়াত নেতা শাজাহান আলী চাঁদা দাবি করে আসছিলেন। তিনি প্রতিদিন ৫০ হাজার টাকা দাবি করেন। বালুমহালের পক্ষ থেকে তাকে প্রতিদিন ২০ হাজার টাকা করে দিতে সম্মত হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে বালুমহাল বন্ধ করে দেন শাজাহান আলী। ফলে কয়েকদিন ধরে বালুমহালটি বন্ধ রয়েছে।

শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীন বলেন, এশার নামাজের পর তারা সবাই বাড়িতে বসে ছিলেন। কার্যালয়েও কয়েকজন নেতাকর্মী ছিলেন। হঠাৎ কয়েকশ লোক এসে হামলা চালান। তারা ভাঙচুরের পাশাপাশি গুলি ছুড়তে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে আটকে পড়েন। কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন। এ হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত দাবি করে শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই নদ থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ-স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে-বালু ব্যবসার সঙ্গে যুক্ত বিএনপি নেতাদের কাছে শাজাহান আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেন।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ-অতিরিক্ত বালুবোঝাই ড্রাম্প ট্রাক দিন-রাত ২৪ ঘণ্টা চলাচল করায় এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে। কয়েকদিন আগে কুষ্টিয়া সদর আসনের সংসদ-সদস্য মুফতি আমির হামজা ওই এলাকায় গিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন। এতে বিএনপির লোকজন ক্ষুব্ধ হন।

হামলার অভিযোগের বিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, ওই এলাকার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। চাঁদা না পেয়ে তিনি ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।

জামায়াতের কাউন্সিলর প্রার্থী শাজাহান আলী দাবি করেন, বালুমহালটি সরকারিভাবে ইজারা নেন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মালিকানা পরিবর্তন করে নেন। কয়েকদিন আগে থেকে সেখানে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছিল। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এবং সামাজিক পরিবেশ বিপর্যস্ত হওয়ায় সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন।

ঘটনাস্থল থেকে গুলির ৭টি খোসা এবং ৫টি তাজা গুলি উদ্ধারের কথা জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন। তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কাউকে গুলিবিদ্ধ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হতাশ কৃষক আর্থিক চাপে উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

পঞ্চগড়ে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট

পঞ্চগড়ে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট

ইজারার বালু উত্তোলনে বাধা কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা

যুগান্তরে সংবাদ প্রকাশের পর জব্দ ১২০ টন গম ছাড় পেল ‘ভুয়া কাগজে’

জব্দ ১২০ টন গম ছাড় পেল ‘ভুয়া কাগজে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম