Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

হতাশ কৃষক আর্থিক চাপে

উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

আনু মোস্তফা

আনু মোস্তফা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

Advertisement

নভেম্বরের মাঝামাঝি উত্তরাঞ্চলের মাঠে মাঠে আমন কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঝে কয়েকদিন বৃষ্টির কারণে কাটা-মাড়াই বন্ধ থাকলেও রোদের তাপ বাড়ায় কৃষকেরা কোমর বেঁধে আমন কেটে-মেড়ে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। ধানমাড়াই করেই কৃষকরা নতুন ধান বেচতে তুলছেন হাটে।

এনজিও কিংবা ব্যাংক ঋণ শোধের অব্যাহত তাড়ায় উত্তরের অনেক কৃষক খৈলান থেকেই বস্তায় ভরে ধান নিয়ে ছুটছেন হাটে। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত দাম। তারা যে যেমন দাম পাচ্ছেন তাতেই বিক্রি করে দিচ্ছেন ধান। বিক্রিবাটা শেষে কোনো ভাবেই মেলাতে পারছেন না হিসাব-নিকাশ। শ্রম ঘামে ফলানো ফসলের দাম না পাওয়ার এই হতাশার চিত্র কৃষকদের বিবর্ণ চেহারায় ফুটে উঠছে।

উত্তরের বিভিন্ন জেলার কৃষকরা বলছেন, ধান বেচে আবাদ খরচই উঠছে না। সামনে বোরো আবাদ। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে সেচ খরচ। বীজ কীটনাশকের দাম চড়া। আর সরকারি দামে কোথাও মিলছে না সার। একই চিত্র গত কয়েক বছর ধরে চলছে।

বুধবার রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর চৌবাড়িয়া হাটে সাত মন আটাশ ধান বিক্রি করেন কলমা ইউনিয়নের বটতলা গ্রামের কৃষক শরিফ উদ্দিন। ১ হাজার ৫০ টাকা করে সাত মন ধান বেচে পান ৭ হাজার ৩৫০ টাকা। সাত মনে খাজনা কাটা হয় ১৭৫ টাকা। ১৭৫ টাকা খাজনা পরিশোধ ও ২৫০ টাকা পরিবহণ খরচ মিটিয়ে কৃষক শরিফ হাতে পান ৬ হাজার ৯২৫ টাকা। কৃষক শরিফ আরও জানান, পৈতৃক সূত্রে পাওয়া তার ১২ বিঘা জমি আছে। খচর বাড়ায় ৬ বিঘাতে বিআর-আটাশ ধান করেছিলেন।

বৃষ্টির আগেই ৩ বিঘা ধান কেটে তুলেছিলেন। এবার বিঘাতে ফলন পেয়েছেন ১৮ মন করে। আমন করতে বিঘাপ্রতি খরচ হয়েছিল ২১ হাজার টাকা করে। চলতি বাজারে ১৮ মন ধান বিক্রি করলে তিনি পাবেন ১৮ হাজার ৯০০ টাকা। বিঘাতে লোকসান ২ হাজার ১০০ টাকা। আক্ষেপ করে শরিফ বলছিলেন, আমনে দুই হাজার করে লোকসান খেলাম। বোরো করবেন কিনা সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ বোরোতে খরচ আরও বেশি।

রাজশাহীর গোদাগাড়ীর পানিহার গ্রামের কৃষক ডেভিড মুরমু জানান, রাজশাহীর বরেন্দ্রভূমির লালমাটির জমিতে আগে কোনো ফসলই হতো না পানির অভাবে। এখন গভীর নলকূপ থেকে সেচ পাওয়ার ফলে এবারও তিনি সাত বিঘা জমিতে আমন করেন। সাত বিঘার মধ্যে তিন বিঘাতে সেচ কম লাগে। সাত বিঘা আমন করতে তার খরচ হয় প্রতি বিঘায় ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা। গত সপ্তাহে ধান ঘরে তুলেছেন। এনজিও থেকে ৫৫ হাজার টাকা ঋণ করেছিলেন। ঋণ শোধে ধান বেচতে চান, কিন্তু হাজার টাকার ওপর দাম নেই।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, মাসখানেক আগে প্রতি মন ধান বিক্রি করেছি ১ হাজার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা মন দরে। হঠাৎ করে গত এক সপ্তাহে মনপ্রতি দাম কমেছে ২৫০ টাকা করে। কৃষক খালেক বলেন, ধান আবাদে প্রতি বছরই খরচ বাড়ছে। কিন্তু ধানের দাম সেই তুলনায় বাড়ছে না।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ধান কেনা-বেচার বড় মোকাম। প্রতিদিনই কৃষকেরা সকাল থেকেই ট্রলি-হ্যারো ভটভটি বোঝাই করে ধান বেচতে হাজির হন কেশরহাটে। নতুন ধান গড়পড়তা প্রতি মন বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ টাকা করে। কামারপাড়া গ্রামের কৃষক হাসিবুল প্রামাণিক বলেন, দুই সপ্তাহ আগেও ধানের দাম কিছুটা বেশি ছিল। এখন সবাই ধান বেচতে হাটে যাচ্ছে।

আমদানি বেশি হওয়ায় ফড়িয়া ব্যাপারীরা যে দাম বলছেন, অসহায় কৃষকেরা সেই দামেই বেচে দিচ্ছেন। আসন্ন বোরো আবাদের প্রস্তুতি নিতে কৃষকেরা ধান ঘরে রাখছেন না। কি আর করবেন-ফসল আবাদে এখন তো অনেক খরচ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হতাশ কৃষক আর্থিক চাপে উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

পঞ্চগড়ে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট

পঞ্চগড়ে দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট

ইজারার বালু উত্তোলনে বাধা কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা

যুগান্তরে সংবাদ প্রকাশের পর জব্দ ১২০ টন গম ছাড় পেল ‘ভুয়া কাগজে’

জব্দ ১২০ টন গম ছাড় পেল ‘ভুয়া কাগজে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম