গ্রুপ থিয়েটার দিবস আজ
নাট্যাঙ্গনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ
সম্মেলন করে নতুন নেতৃত্ব আনার দাবি নাট্যকর্মীদের
মুহম্মদ আকবর
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেতৃত্ব নিয়ে বিরোধ, বর্তমান নেতৃত্বের বৈধতা নিয়ে মামলা ও দলীয় রাজনীতির প্রভাবসহ নানা অসঙ্গতির অভিযোগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে দেখা দিয়েছে আস্থাহীনতা। আজ গ্রুপ থিয়েটার দিবস সামনে রেখে ফের উঠেছে এমন আলোচনা। সংশ্লিষ্টদের ভাষ্য, এতসব অভিযোগ আমলে নিয়ে নাট্যচর্চার পরিবেশ ফিরিয়ে আনাই এখন ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন, সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন নাট্যাঙ্গনের প্রতিনিধিরা। অন্যদিকে বর্তমান নেতৃত্বের দাবি-সংগঠনে কোনো আস্থাহীনতা বা দ্বিধাবিভক্তি নেই; আইনি জটিলতা ও কিছু মানুষের অসহযোগিতার কারণে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে শীঘ্রই ফেডারেশনে নতুন নেতৃত্ব আনতে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, ১৯৮০ সালের ২৯ নভেম্বর গঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বর্তমানে ফেডারেশনের অন্তর্ভুক্ত ৪ শতাধিক নাট্যদল রয়েছে। দীর্ঘ ৪৬ বছর নানা কর্মযজ্ঞ ও মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে চলেছে সংগঠনটি। কিন্তু বর্তমানে ফেডারেশনের আদর্শ- দেশজ সংস্কৃতির বিকাশের চেয়ে দলীয় আদর্শের প্রশ্ন ও নেতৃত্বের দ্বন্দ্ব ফেডারেশনকে দ্বিধা-বিভক্তিতে ফেলেছে বলে অনেকের অভিযোগ। ফলে অনেক দল গ্রুপ ফেডারেশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে।
অন্যদিকে ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলমের দাবি, সংগঠনের কার্যক্রমে কোনো দ্বিধাবিভক্তি নেই। বড়দের পাশাপাশি তরুণ নাট্যকর্মীরাও ফেডারেশনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। চিন্তাভাবনায় ভিন্নতা থাকলেও সবাই একই সাংগঠনিক ধারায় রয়েছেন। শাহ আলম বলেন, ফেডারেশনের সাধারণ পরিষদের সভায় ৮০ ভাগ দলের সম্মতিতে বর্তমান নেতৃত্ব দায়িত্ব পায়। যদিও সাধারণ সভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দুটি মামলা করা হয়েছে। এ কারণে সম্মেলন আয়োজন কিংবা পরবর্তী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সম্মেলন ডাকলে আদালতের নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি মনে করেন, রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক, থিয়েটার চর্চা অব্যাহত রাখতে হবে।
এর আগে ২০২৩ সালে সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছিল। সংকট নিরসনে সময় বেঁধে দিয়ে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে চিঠি দিয়েছিলেন নাট্যচক্রের ম হামিদ, থিয়েটারের রামেন্দু মজুমদার, আরণ্যকের মামুনুর রশীদ ও নাগরিকের সারা যাকের। তৎকালীন সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিরোধের সূত্রপাত হয়। পরে ফেডারেশনের প্রতিষ্ঠাতা দল ঢাকা থিয়েটারও সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেয়। চার নাট্যজনের ওই চিঠিতে কামাল বায়েজীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্র বদলে যায়। সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী আত্মগোপনে চলে যান। পরবর্তীতে জুলাই আন্দোলনের পর একটি সভা করে পরবর্তী সম্মেলনের প্রস্তুতিস্বরূপ নাট্যজন মামুনুর রশীদকে প্রধান করে ছয় সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়। তাদের সহযোগিতা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন লাকী ইনাম ও সেক্রেটারি জেনারেল দায়িত্ব নেন কামাল বায়েজিদ। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেলের সঙ্গে মতবিরোধ হওয়ায় মামুনুর রশীদ দায়িত্ব থেকে নিজে ইস্তফা দেন।
অন্যদিকে এই কমিটির বৈধতার প্রশ্নে মামলাও করেন একজন নাট্যকর্মী। এর পর থেকে বিরোধ দৃশ্যমান হয়। চলতি বছরে গ্রুপ থিয়েটারভুক্ত দলগুলোতে সরকারি অনুদান দেওয়া নিয়ে এই দ্বন্দ্ব আরও বাড়ে। বর্তমান নেতৃত্ব একাধিকবার সবাইকে নিয়ে বসে সংকট নিয়ে আলোচনার উদ্যোগ নিলেও তা আর সফলতার মুখ দেখেনি। যে কারণে নাট্যকর্মীরা মনে করেন একমাত্র সম্মেলনই পারে গ্রুপ থিয়েটারের এই সংকট কাটাতে।
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রধান সম্পাদক মীর জাহিদ হাসান মনে করেন, ফেডারেশনে আস্থা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করতে হবে। ফেডারেশনের মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, শিকড়ের সন্ধান এবং বাঙালি সংস্কৃতির বিকাশ। তাই দলীয় রাজনীতির প্রভাবের বাইরে থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ নাট্যচর্চার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাট্যজন লাকী ইনাম যুগান্তরকে জানিয়েছেন, নতুন সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ পুনরায় শুরু করেছেন তারা। তিনি জানান, নতুন কমিটি গঠনের প্রক্রিয়াটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কামাল বায়েজীদ (সেক্রেটারি জেনারেল) অসুস্থ হয়ে পড়ায় উদ্যোগটিতে কিছুটা ভাটা পড়েছে। তবে এখন তারা আবার কাজ শুরু করছেন। লাকী ইনাম বলেন, আমাদের পরিকল্পনাই হলো নতুন সম্মেলনটি করে নতুন কমিটি করা। আমাদের আর কারোরই থাকার ইচ্ছা নেই। আমরা অনেক দিন কষ্ট করে চালালাম, এবার তো কমিটি করতেই হবে।
গ্রুপ থিয়েটার দিবসের কর্মসূচি : ‘গ্রুপ থিয়েটার দিবস’ উপলক্ষ্যে আজ বিকাল ৪টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে ফেডারেশন। শোভাযাত্রাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, কদম ফোয়ারা ও মৎস্য ভবনের সামনে দিয়ে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হবে। পরে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
