Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

মুক্তিযুদ্ধের প্যানোরমা প্রকল্প

জামানতের টাকা ফেরত চায় কোরিয়া

Icon

এম শাহজাহান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে সরকারের নেওয়া প্যানোরমা প্রকল্পে জামানতের ২ কোটি ১১ লাখ টাকা ফেরত চেয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির অংশীদারত্বে গঠিত যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান সিগংটেক অ্যান্ড এমটিআই জেভিসি লিমিটেড প্রকল্পের কাজ করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রকল্পের কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং তা গৃহীত হওয়ার পরও জামানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এর মধ্যে প্রকল্পের বিলের ওপর পূর্ববর্তী সময় থেকে কার্যকর দেখিয়ে অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) কর্তনের অভিযোগও তুলেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অভিযোগের আইনগত ও চুক্তির বিষয়টি যাচাইয়ের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সরকারি নথি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার দূতাবাস নোট ভারবাল এর (নম্বর এমবিএ-পিডি-১৯৪/২০২৬) মাধ্যমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের সহকারী সচিব আবির হোসেন স্বাক্ষরিত চিঠিতে অর্থ বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। ওই চিঠিতে বলা হয়, অতিরিক্ত ভ্যাট কর্তনের বিষয়ে যাচাই করে প্রযোজ্য বিধি ও পদ্ধতি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এনবিআরের সঙ্গে পরামর্শক্রমে বিষয়টি খতিয়ে দেখার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, মুক্তিযুদ্ধের প্যানোরমা প্রকল্পে অতিরিক্ত ভ্যাট কর্তন ও জামানত বাবদ অর্থ আটকে থাকার ব্যাপারে কোরিয়া দূতাবাস যে চিঠি দিয়েছে তা গুরুত্বপূর্ণ। ফলে বিষয়টি যাচাই-বাছাই করে সমস্যা মিটিয়ে ফেলতে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোরিয়ার সঙ্গে দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের গভীর সম্পর্ক রয়েছে। তাই বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিক। আশা করছি, দ্রুত এ বিষয়ের সুরাহা হবে। জানা গেছে, অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি এনবিআর চেয়ারম্যানের দপ্তরেও পাঠানো হয়েছে। এ সংকট মিটিয়ে ফেলতে এনবিআরও আন্তরিক। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সপ্তাহ নাগাদ অতিরিক্ত ভ্যাট কর্তন ও জামানত আটকে রাখার বিষয়টি মিটে যাবে বলে। বিষয়টি এনবিআর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করছে। দক্ষিণ কোরিয়ার দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিতে প্যানোরমা স্থাপন’ প্রকল্পে সিগংটেক অ্যান্ড এমটিআই জেভিসি লিমিটেডের সঙ্গে ২০২২ সালের ৩০ অক্টোবর ৪২ কোটি ২০ লাখ টাকার চুক্তি হয়। কোম্পানিটি দূতাবাসকে জানিয়েছে, চুক্তির আওতায় নির্ধারিত কাজ সম্পন্ন করে জমা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তা গ্রহণও করেছে। চুক্তির জামানত ছাড়া বাকি পাওনা পরিশোধ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। দূতাবাসের চিঠিতে আরও বলা হয়, চুক্তিতে নির্ধারিত ত্রুটি দায়বদ্ধতার মেয়াদ বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড শেষ হয়েছে। এরপরও ২ কোটি ১১ লাখ টাকা জামানত আটকে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি ওই অর্থ ছাড়ের অনুরোধ জানায়।

এদিকে প্রকল্পের বিল পরিশোধের ক্ষেত্রে পূর্ববর্তী সময় থেকে কার্যকর করে অতিরিক্ত ভ্যাট কর্তনের অভিযোগও তুলেছে কোম্পানিটি। এ ধরনের কর্তনের আইনগত ভিত্তি কী, চুক্তির কোন শর্তে তা করা হয়েছে এবং সংশ্লিষ্ট অর্থ প্রদানের নথিতে এর সমর্থন রয়েছে কিনা, তা স্পষ্ট করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোরীয় দূতাবাস বলেছে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার স্বার্থে বিষয়টি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলোর জন্য স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধান চেয়েছে তারা।

বিদেশি বিনিয়োগে কর ও ভ্যাট ছাড় গুরুত্বপূর্ণ ইস্যু : বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর অবকাশ, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও ভ্যাট সুবিধা এবং বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান কর অবকাশ, মূলধনী যন্ত্রপাতিতে শুল্ক সুবিধা এবং অন্যান্য রাজস্ব সুবিধা পেতে পারে। তবে এসব সুবিধা প্রকল্পের ধরন, অবস্থান ও প্রযোজ্য আইন-বিধির ওপর নির্ভরশীল। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি ব্যবসায়ীদের এক আলোচনায় কর কমানোর চেয়ে ব্যবসার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন। সরকারের পক্ষ থেকে ব্যবসা সহজীকরণের আশ্বাসও দেওয়া হয়।

প্যানোরমা প্রকল্প কি এবং কেন বাস্তবায়ন করা হচ্ছে : মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘এস্টাবলিশমেন্ট অব প্যানোরমা ইন দ্য রিমেমব্র্যান্স অব লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ’ প্রকল্প হাতে নেওয়া হয়। এর উদ্দেশ্য শুধু প্রচলিত জাদুঘরের মতো নিদর্শন প্রদর্শন নয়; বরং স্থাপত্য, প্রদর্শনী পরিকল্পনা, ত্রিমাত্রিক উপস্থাপনা, দৃশ্য-শ্রাব্য প্রযুক্তি এবং ঐতিহাসিক তথ্যের সমন্বয়ে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ দর্শনার্থীদের সামনে তুলে ধরা। প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের মধ্যে স্থাপত্য নকশা, কাঠামোগত নকশা, প্রদর্শনীর বিষয়বস্তু ও বিন্যাস, গ্যালারির ত্রিমাত্রিক পরিকল্পনা, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, স্মার্ট এক্সিবিশন প্রযুক্তি এবং ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ইতিহাস গবেষণা অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পটির ধারণাগত লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে অভিজ্ঞতাভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের প্যানোরমা প্রকল্প জামানতের টাকা ফেরত চায় কোরিয়া

জামানতের টাকা ফেরত চায় কোরিয়া

অভাবের চরে ‘মিষ্টি’ সাফল্য

অভাবের চরে ‘মিষ্টি’ সাফল্য

রাজশাহীতে সেমিনারে বক্তারা কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করবে পদ্মা ব্যারাজ

কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করবে পদ্মা ব্যারাজ

গ্রুপ থিয়েটার দিবস আজ নাট্যাঙ্গনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ

নাট্যাঙ্গনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম