অভাবের চরে ‘মিষ্টি’ সাফল্য
আখ চাষে ভাগ্য ফিরছে কুড়িগ্রামের কৃষকদের
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোরের কুয়াশা ভেদ করে নদ-নদীর চরে যখন সূর্যের আলো পড়ে, তখন বালুময় ভূমিতে মাথা উঁচু করে থাকা সবুজ আখখেতগুলো যেন নতুন স্বপ্নের কথা বলে। চরের জীবন মানেই অনিশ্চয়তা-চিরায়ত এই ধারণাই বদলে দিয়েছে এই আখ। নদীভাঙন আর বন্যার সঙ্গে লড়াই করে টিকে থাকা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের কাছে এখন এই চাষাবাদই হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর বড় ভরসা, যা চাষিদের স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে।
কুড়িগ্রামের বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদী। এসব নদীর চরে এ বছর ব্যাপকভাবে আখের আবাদ হয়েছে। কিছু আখ হেলে পড়লেও সামগ্রিকভাবে ফলন ভালো হয়েছে। কোথাও আখ কেটে বিক্রি শুরু করেছেন কৃষকরা, আবার কেউ খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় ২২ থেকে ২৫ হাজার টাকা। আর এ আখ বিক্রি করা যায় ৬৫ থেকে ৭০ হাজার টাকায়। এখন পাইকাররা সরাসরি খেত থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন। এতে খরচ বাদে ভালো লাভের আশা করছেন তারা। শুধু আখ বিক্রিই নয়, এর থেকে গুড় তৈরি করেও বাড়তি আয় করছেন অনেকে। মান ও স্বাদ ভালো হওয়ায় কুড়িগ্রামের উৎপাদিত গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
ভূরুঙ্গামারীর দুধকুমার নদের চরের কৃষক আব্দুস ছামাদ বলেন, ‘৩৬ শতাংশ জমিতে এবার আখ চাষ করছি। খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। ফলনও বেশ ভালো হয়েছে। এক পাইকার জমির সব আখ ৫০ হাজার টাকা দাম বলছেন। কিন্তু বিক্রি করিনি।’ একই এলাকার কৃষক সোহরাব হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে আখ চাষ করেছি। ফলন ভালো হয়েছে। খরচ বাদে অর্ধেক লাভ হবে বলে আশা করছি।’ চিলমারীর কৃষক ফেরদৌস দেড় বিঘা জমিতে আখ চাষ করেছেন। এখনো বিক্রি শুরু করেননি তিনি। প্রতি বিঘা জমির আখ ৭০ হাজার টাকার বেশি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আখ বিক্রির পাশাপাশি গুড় তৈরি করেও ভাগ্য বদলেছে অনেক কৃষকের। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা গ্রামের কৃষক আব্দুল করিম ১৯৭০ সালে গ্রামীণ ব্যাংকের সহায়তায় স্বল্প পরিসরে আখ চাষ শুরু করেন। ৫৬ বছরের চাষাবাদ ও পরিশ্রমে বদলে গেছে তার জীবন। আখ চাষ ও গুড় উৎপাদনের আয় দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কিনেছেন ১৫ বিঘা জমি। তিনি বলেন, ‘আখ চাষ করে যে টাকা আয় করেছি, তা দিয়ে জমিজমা কিনেছি। এই আয় দিয়ে ছেলেমেয়েদের মানুষ করেছি। তারা সবাই প্রতিষ্ঠিত।’ করিমের মতো ৫৩ বছর ধরে আখ চাষ করছেন কৃষক নূর হোসেন। প্রথম দিকে সরাসরি আখ বিক্রি করলেও পরে শুরু করেন গুড় উৎপাদন। তার তৈরি গুড়ের স্বাদ ও মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। আখের গুড় দিয়ে তৈরি হচ্ছে জিলাপি, মোয়া, পায়েসসহ নানা ধরনের খাবার। এতে দিন দিন গুড়ের চাহিদা বাড়ছে। ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, চরাঞ্চলের মাটি আখ চাষের জন্য বেশ উপযোগী। ফলে জেগে ওঠা চরে আখ চাষ বাড়ছে। ফলন ভালো হওয়ায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, জেলায় এ বছর ১৮৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। আমরা কৃষকদের প্রচলিত পদ্ধতির পরিবর্তে ট্রেঞ্চ পদ্ধতিতে আখ চাষে উদ্বুদ্ধ করছি। পাশাপাশি রোগবালাই ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে।
