খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ
অধ্যক্ষ-শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক ক্ষতি
নূর ইসলাম রকি, খুলনা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ তহবিল থেকে পাঁচ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা কমিটির প্রতিবেদনে কলেজটির অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক এবং চারজন কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। নিয়োগসংক্রান্ত ত্রুটি, নিবন্ধন ত্রুটি, ভুয়া সনদসহ নানা অনিয়ম রয়েছে। একাধিক শিক্ষককে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরীক্ষা টিমের মাধ্যমে অধিকতর অডিটের জন্য সুপারিশ করেছে নিরীক্ষা কমিটি।
দৌলতপুর দিবা-নৈশ কলেজে ২০১৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১১ বছরে নানা অনিয়ম হয়েছে। অভিযোগ-কলেজের পাঁচ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫০৯ টাকা আর্থিক ক্ষতি ও আত্মসাৎ হয়েছে। কলেজের পক্ষ ও বিপক্ষে মামলা পরিচালনায় ৩২ লাখ টাকা, শিক্ষক সমিতির নামে পরিচালিত ব্যাংকের হিসাব থেকে ২৫ লাখ টাকা, কলেজ সরকারীকরণে শিক্ষকদের কাছ থেকে ৯ লাখ ২৬ হাজার টাকা, বিভিন্ন প্রকল্পে জালিয়াতি এবং ভবন নির্মাণের ব্যয় বড় ধরনের আর্থিক ক্ষতি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা এবং কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে পরীক্ষা কমিটি টানা ৪৫ দিন কলেজের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য, দাপ্তরিক নথিপত্র এবং লিখিত অভিযোগসহ প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।
সমন্বিত নিরীক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান। সদস্য ছিলেন দৌলতপুর দিবা-নৈশ কলেজের সহকারী অধ্যাপক কে এম ইমদাদ সাঈদী, সহকারী অধ্যাপক শেখ মো. মার্শাল টিটো হোসেন এবং সহকারী অধ্যাপক নাজমা খাতুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের রিসার্চার অ্যাডভোকেট শাহিদুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মেজবাউল ইসলাম এবং খুলনা ও ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট জি এম আনিসুর রহমান।
প্রতিবেদনে কলেজ অধ্যক্ষ এএসএম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রভাষক ও অধ্যক্ষ হিসাবে বিধিবহির্ভূত নিয়োগ ও ব্যাপক আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে। উপাধ্যক্ষ সদরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও জালিয়াতি, আদালত অবমাননা, অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তৃতীয় শ্রেণি বা তার নিচে ফলাফল ছিল। সহকারী লাইব্রেরিয়ান ইয়াসমিনের বিরুদ্ধে জাল সার্টিফিকেটে চাকরি, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আরিফুজ্জামান মাহমুদের বিধিবহির্ভূত নিয়োগ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুকৃতি মন্ডলের বিরুদ্ধে ঘুস দিয়ে চাকরি ও মামলার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। এছাড়া আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জাল সনদের মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদ হাসান, শামসুন্নাহার, মেহেদী হাসান লিটু ও রেজাউল শেখ নিয়োগ পেয়েছেন।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি যুগান্তরকে বলেন, অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা কমিটির প্রতিবেদন খুব দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হবে। এরপর নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সমন্বিত নিরীক্ষা কমিটির আহবায়ক ড. মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, সার্বিক দুর্নীতির বিষয়ে নিরীক্ষা কমিটি টানা ৪৫ দিন তদন্ত করে কলেজটির প্রায় পাঁচ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫০৯ টাকা আর্থিক ক্ষতি ও আত্মসাতের তথ্য পেয়েছে। এছাড়া কলেজটির অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি পাওয়া গেছে। বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারীকে চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিআইএ ও দুদকের নিরীক্ষা টিমের মাধ্যমে অধিকতর অডিটের জন্য সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কমিটিকে সহযোগিতা করেননি।
