Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বিভিন্ন স্থানে সহিংসতা

সরকারের তৎপরতায় সুবিধা করতে পারেনি আ.লীগ

পদ্মাপারে রক্তপাত ঢাকেশ্বরীতে বোমা হামলার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেফতার * অস্থিরতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

সিরাজুল ইসলাম

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের জনগণকে জিম্মি করে লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

সরকার সতর্ক অবস্থায় থাকায় ওই দলটির নেতাকর্মীরা তেমন একটা সুবিধা করতে পারেননি। তারা যেখানেই জনগণের জানমালের ক্ষতিসহ নাশকতা ও তাণ্ডব চালানোর চেষ্টা করেছেন, সেখানেই প্রতিরোধের মুখে পড়েছেন। কোথাও সরকারি দল, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশলী চেষ্টায় এক অর্থে কথিত লকডাউন ব্যর্থ হয়েছে। যদিও দিনের শুরুতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুই পক্ষের সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছে। পদ্মা সেতু এলাকার সংঘর্ষের রেশ ধরে রোববার গোপালগঞ্জেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থকরা। গোপালগঞ্জে গাছ কেটে সড়ক অবরোধ করেন তারা। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকায় আওয়ামী অধ্যুষিত অংশসহ কোথাও কোথাও তারা তাণ্ডব চালানোর চেষ্টা করেছেন। দেশের সচেতন মানুষ ওই দলটির নৈরাজ্য ও নাশকতা সহ্য করছেন না। তারা মনে করেন, যে ফ্যাসিস্ট দল জুলাই আন্দোলনে শত শত ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে বিদায় নিয়েছে, তারা কোনোভাবেই দেশের মানুষের কল্যাণ চায় না। দেশের মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এদিকে রোববার ঢাকায় তেমন কিছু না ঘটলেও নাশকতার চেষ্টা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় নেতাকর্মীদের সজাগ পাহারার কারণে তা ব্যর্থ হয়ে যায়।

এদিন সকালে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সহসভাপতি নূর হোসেন মাহিরকে আটক করেন সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের কর্মীরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে চারটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বোমাসহ তাকে সোপর্দ করা হয়। আটক মাহিরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার যুগান্তরকে বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, এ নিয়ে আমরা কাজ করছিলাম। ঢাকেশ্বরী মন্দিরের কাছে এলে সন্দেহজনক গতিবিধির কারণে ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকে আটক করে। কাছাকাছি জায়গাতেই পুলিশ ছিল। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান উপাসনালয়ে হামলা চালিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির গভীর ষড়যন্ত্রের ছক করে কার্যক্রম নিষিদ্ধ দলটি। তবে রোববার সব পক্ষ সোচ্চার থাকায় তারা সফল হতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজি) আলী হোসেন ফকির জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো মূল্যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

যেমন ছিল রাজধানীর পরিস্থিতি : রাজধানী ঢাকার মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মিরপুর ও উত্তরা এলাকায় সকাল থেকেই গণপরিবহণ স্বাভাবিকভাবে চলেছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল ছিল পুরোপুরি স্বাভাবিক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাদের কর্মসূচিকে কেন্দ্র করে চোরাগোপ্তা হামলা, ধর্মীয় উপাসনালয়ে নাশকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা হতে পারে-এমন আগাম গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকেই ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। রাজধানীর প্রবেশপথগুলোয় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি স্থাপনা, কূটনৈতিক পাড়া এবং ধর্মীয় উপাসনালয়ে পুলিশের টহল বাড়ানো হয়। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বৃদ্ধি করা হয়। পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও মাঠে সতর্ক অবস্থানে ছিলেন।

নাশকতায় নতুন চক্রের সন্ধান : গোয়েন্দা সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় তিন সদস্যের নতুন একটি চক্র অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। তারা হলেন-শরিফ, আনিস ও রাসেল। এই তিনজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। তাদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলে। অতীতে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে শনিবার রাতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এই চক্রের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে। তারা দিনে রাজমিস্ত্রির কাজ করেন। রাতে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলে পরিস্থিতি মোকাবিলা করেছে : চলমান পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পদ্মা সেতু এলাকায় সংঘর্ষ ও দুই কর্মীর প্রাণহানির বিষয়ে তিনি বলেন, ‘ওখানে দুপক্ষের সংঘর্ষে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবিসহ অন্যান্য ফোর্স অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানকার পরিস্থিতি পুরোপুরি শান্ত।’ সাধারণ মানুষের মনে কোনো আতঙ্ক আছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, ‘মানুষের মনে কোনো শঙ্কা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে নস্যাৎ করার ঘোষণা দেন তিনি।

সারা দেশে পুলিশের তৎপরতা বৃদ্ধি : রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কোনো বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে পেশাদারি, মেধা ও দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

গোয়েন্দা জালে নাশকতাকারী : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীতে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির একটি অপচেষ্টা চলছিল। আমাদের গোয়েন্দা জালে ইতোমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত নাশকতাকারী ধরা পড়েছে এবং অন্যদের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। যারা দিনে সাধারণ পেশার আড়ালে থেকে রাতে নাশকতা করে, তারা কেউই রেহাই পাবে না। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবির একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লেনদেনের তথ্য সংগ্রহ বিএফআইইউর পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

বিভিন্ন স্থানে সহিংসতা সরকারের তৎপরতায় সুবিধা করতে পারেনি আ.লীগ

সরকারের তৎপরতায় সুবিধা করতে পারেনি আ.লীগ

বরিশালে ভয়ানক অপরাধীচক্র কবরস্থানে অস্ত্র রেখে চুরি ছিনতাই

কবরস্থানে অস্ত্র রেখে চুরি ছিনতাই

খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ অধ্যক্ষ-শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক ক্ষতি

অধ্যক্ষ-শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক ক্ষতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম