বরিশালে ভয়ানক অপরাধীচক্র
কবরস্থানে অস্ত্র রেখে চুরি ছিনতাই
এস এন পলাশ, বরিশাল
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের চোর ও ছিনতাইকারীদের নিরাপদ আখড়া হয়ে উঠেছে মুসলিম গোরস্থান। নগরীর ২১নং ওয়ার্ডের গোরস্থান রোড ও আশপাশে চুরি-ছিনতাই করে অস্ত্র ও পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে কবরস্থানের ভেতরে। একই চিত্র নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকার কাজীর গোরস্থানে। এই দুটি গোরস্থানে চোর ও ছিনতাইকারীরা চুরি-ছিনতাই শেষে লুকিয়ে রাখছে তাদের অস্ত্র-বস্ত্র। এ কারণে তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের পরও পোশাক পালটে জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ায় কেউ অপরাধীদের সন্দেহ করছে না। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে দিন দিন চক্রগুলো ভয়ানক হয়ে উঠছে।
জানা গেছে, এক মাসে মুসলিম গোরস্থান রোড, করিমকুটিরসহ আশপাশের এলাকায় ৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একাধিক স্থানীয়রা জানান, রাত গভীর হলে গোরস্থান রোড, করিমকুটির, অক্সফোর্ড মিশন রোড, মুন্সি গ্রেজ, বিএম স্কুল রোডে ছিনতাই করে কয়েকটি গ্রুপ। আর এসব চক্রের সদস্যরা তাদের অস্ত্র ও পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখে গোরস্থানের ভাঙা কবরের মধ্যে। তারপর তারা তাদের পোশাক পালটে খুব সহজেই জনসাধারণের সঙ্গে মিশে যায়। ফলে স্থানীয় বাসিন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের তালিকার বাইরে থেকে যায়। একই অবস্থা নগরীর পলাশপুরের কাজীর গোরস্থানেও। ওই এলাকায় একাধিক চুরি-ছিনতাই চক্র সক্রিয় থাকলেও একই কারণে তাদেরও ধরা যাচ্ছে না। এ গোরস্থানের একাধিক ভাঙা কবরে অপরাধীরা তাদের দেশীয় অস্ত্র ও পোশাক লুকিয়ে রাখছে বলে অভিযোগ স্থানীয়দের।
বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা রাকিব আলম জানান, ২৪ নভেম্বর রাতে একটি অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলাম। তখন মুসলিম গোরস্থান রোড পুকুর পাড় অতিক্রমকালে অস্ত্রসহ চারজন এসে তার সঙ্গে থাকা ৩ হাজার টাকা ও মোবাইল ফোনটি নিয়ে কবরস্থানের দিকে পালিয়ে যায়। এর দুদিন আগে একই স্থান থেকে রহিমা আক্তার নামের এক নারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, নগরীর অভ্যন্তরে থাকা কবরস্থানকে ঘিরে সক্রিয় থাকা এ চক্রগুলোকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি দ্রুত তাদের গ্রেফতার করা না হয় তাহলে দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা আকন শামিম জানান, মোহাম্মদপুর, রসূলপুর, পলাশপুরসহ কয়েকটি এলাকায় চুরি-ছিনতাই করে তাদের আস্তানা গড়ে তুলেছে কাজীর গোরস্থানে। এসব অপরাধী অপকর্ম করে কাজীর গোরস্থানে তাদের অস্ত্র ও পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখে কবরস্থানের ভেতরে। তিনি আরও বলেন, অনেক সময় ছিনতাইকারীরা ছিনতাই করে পার্শ্ববর্তী বেলতলা খেয়া পার হয়ে চরমোনাই এলাকায় আশ্রয় নিচ্ছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চলতি মাসে দুটি ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। এছাড়া এখন যেহেতু জানলাম গোরস্থানের ভেতর অস্ত্র লুকিয়ে রাখে। অচিরেই অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হবে। এদিকে কাজীর গোরস্থান এলাকার ছিনতাইয়ের বিষয়ে জানতে কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। তবে বিষয়টি নিয়ে জোরালো অভিযান চালানোর কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত কুমার। তিনি বলেন, ঘটনাটি জানার বাইরে ছিল। কবরস্থানও যদি হয় অপরাধীদের নিরাপদ স্থান এটা আসলে ভাবনার বিষয়।
