লেনদেনের তথ্য সংগ্রহ বিএফআইইউর
পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সন্দেহজনক লেনদেনের অভিযোগে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধ বা লেনদেন স্থগিত করা হয়েছে। এরমধ্যে বেশির ভাগ হিসাবই গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ঠিকানায় খোলা হয়েছে। এসব হিসাবের মাধ্যমে সম্প্রতি মাত্রাতিরিক্ত অর্থ লেনদেন হয়েছে। কিছু হিসাবে বিদেশ থেকেও অর্থ এসেছে। এগুলো সার্বিকভাবে সন্দেহজনক বলে বিবেচিত হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থের জোগান কীভাবে কোথা থেকে এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, কোম্পানিগুলো সূত্রে জানা গেছে, রোববার গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় সীমিত আকারে মোবাইল ব্যাংকিং সেবা পুনরায় চালু হয়েছে।
সূত্র জানায়, মোবাইল ব্যাংকিং কোম্পানি বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিগুলোর কাছ থেকে হিসাবগুলোর লেনদেনের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে হিসাবের কেওয়াইসি বা গ্রাহক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। আরও বিশদ তদন্তের জন্য ওইসব তথ্যের কিছু তথ্য ইতোমধ্যে দেশের একাধিক আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা আরও ব্যাপক তদন্ত করছে। লেনদেনের সঙ্গে কারা কীভাবে জড়িত, কোথা থেকে লেনদেনের তথ্য এসেছে, কোন খাতে বা কীভাবে অর্থ উত্তোলন করে সেগুলো ব্যবহার করা হয়েছে-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হিসাবগুলোর লেনদেনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে-আগে এসব হিসাবে যে লেনদেন হয়েছে সম্প্রতি ওইসব হিসাবের কোনো কোনোটিতে ১০ গুণেরও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিষয়টি বিএফআইইউ ও আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে তদন্ত করছে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের দায়ে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন বন্ধ বা স্থগিত করা হয়েছে। বিএফআইইউর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব হিসাব স্থগিত বা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আরও বিশদ তদন্ত চলছে।
সূত্র জানায়, সম্প্রতি বিএফআইইউ থেকে মোবাইল ব্যাংকিং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তদন্ত করা হয়েছে। এতে প্রায় পৌনে ২ লাখ হিসাবে অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে। এসব লেনদেনের বেশির ভাগই সন্দেহজনক। ওইসব হিসাবে বিদেশ থেকে যেমন অর্থ এসেছে, তেমনি দেশের বিভিন্ন স্থান থেকেও অর্থ এসেছে। এসব অর্থ এক হিসাব থেকে যেমন অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে। নগদ অর্থ তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এসব অর্থের একটি বড় অংশ গোপালগঞ্জের নাশকতার কাজে ব্যবহার করা হয়েছে। কিছু ব্যাংক হিসাবেও অস্বাভাবিকভাবে অর্থের লেনদেন হয়েছে। ব্যাংক হিসাব থেকে টাকা তুলে তা মোবাইল ব্যাংকিংয়ে পাঠানোর নজিরও পাওয়া গেছে।
জানা গেছে, বুধবার রাত থেকে গোপালগঞ্জে সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হতে থাকে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেনও বন্ধ হয়ে যায়। ফলে তারা বেশ বিপাকে পড়েন। তবে কোম্পানিগুলো সূত্রে জানা গেছে, রোববার গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় মোবাইল ব্যাংকিং সেবা পুনরায় চালু হয়েছে। এতে লেনদেনও বেড়েছে। কোম্পানিগুলো লেনদেনের তথ্য পর্যালোচনা করে দেখছে। বিশেষ করে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল কোম্পানিগুলোকে বলা হয়েছে।
