আইসিডিডিআর,বির গবেষণা
প্রজনন স্বাস্থ্য জ্ঞানের অভাবে বাড়ছে সমস্যা
বাড়ছে নানা ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে চার শ্রেণি-পেশার মানুষের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য জ্ঞানের অভাবে বাড়ছে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা। এই শ্রেণির মধ্যে রয়েছে-অনাথ, ক্রীড়াবিদ, পোশাক শ্রমিক ও কিশোর-কিশোরী। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির অ্যাডভান্সিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (অ্যাডসার্চ) প্রকল্পের অধীনে চারটি উদ্ভাবনী গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
রোববার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি মিলনায়তনে ‘জার্নি টু এভিডেন্স : সিরিজ ডেসিমিনেশন অব অ্যাডসার্চ ইনোভেশন রাউন্ড ওয়ান’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যক্রম এবং সেসব কতটুকু কার্যকর তা নিয়ে গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) অর্থায়নে আইসিডিডিআরবির অ্যাডসার্চ প্রকল্প গবেষণাটি করেছে।
সেমিনারে যে চারটি উদ্ভাবনের ফলাফল প্রকাশ করা হয়েছে সেগুলো হলো-অনাথ কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় হোপবক্স গবেষণা। কিশোর-কিশোরীদের জন্য একটি ডিজিটাল এসআরএইচআর অ্যাপ ‘মুখরিত’ গবেষণা। ক্রীড়াবিদ কিশোরীদের ঋতুকালীন অভিজ্ঞতা নিয়ে গবেষণা এবং পোশাক শিল্পে কর্মরত নারীদের মধ্যে মেনস্ট্রায়াল কাপ ব্যবহার পরীক্ষণ।
গবেষক ফারিয়া রহমান জানান, বিশ্বে প্রায় ১৫ কোটি ৩০ লাখ অনাথ শিশু রয়েছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ৫ লাখ। দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ৮৫টি সরকারি অনাথ আশ্রমের সম্মিলিত ধারণক্ষমতা ১৭ হাজার ৫০০ জন। এর মধ্যে ৮ হাজার ৭০০ জন কন্যাশিশু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারগুলোতে নিবন্ধিত। এই কিশোরীরা সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর একটি অংশ। তাদেরকে প্রায়ই যৌন নির্যাতন, শোষণ ও নিপীড়নের শিকার হতে হয়।
‘মুখরিত’ শিরোনামে দ্বিতীয় গবেষণাটি ছিল কিশোর-কিশোরীদের জন্য একটি ডিজিটাল এসআরএইচআর অ্যাপের মাধ্যমে তথ্য জানা। আইসিডিডিআরবির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের গবেষক ডা. হাসান রাশেক মাহমুদ ‘ট্যাবু থেকে টাচস্ক্রিন : বাংলাদেশি কিশোর-কিশোরীদের জন্য একটি ডিজিটাল যৌন ও প্রজনন স্বাস্থ্য’বিষয়ক শিক্ষামূলক অ্যাপ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। ‘মুখরিত’ একটি শিক্ষামূলক অ্যাপ। এই অ্যাপটি কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকারসংক্রান্ত চ্যালেঞ্জগুলো সহজভাবে বুঝতে ও মোকাবিলা করতে সহায়তার জন্য তৈরি।
গবেষক ডা. হাসান রাশেক মাহমুদ জানান, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ কিশোর-কিশোরী। যা মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ, সংখ্যায় হিসাব করলে প্রায় ৩ কোটি ৬০ লাখ।
তৃতীয় গবেষণাটি ছিল ক্রীড়াবিদ কিশোরীদের ঋতুকালীন অভিজ্ঞতা নিয়ে। আইসিডিডিআরবির পুষ্টি গবেষণা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. মেহজাবিন তিশান মাহফুজ, মাসিকের সময় তরুণ ক্রীড়াবিদদের অভিজ্ঞতাবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ১২ থেকে ১৯ বছর বয়সি ১০০ নারী ক্রীড়াবিদদের ওপর গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা গেছে, ৬২ শতাংশ কিশোরী প্রথম ঋতুস্রাবের আগে ঋতুস্রাব সম্পর্কে শুনেছিল, তবে ৮৬ শতাংশ মনে করে তারা পর্যাপ্ত তথ্য পায়নি।
ডা. মেহজাবিন তিশান মাহফুজ জানান, নারী প্রজনন ব্যবস্থার একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঋতুস্রাব। তবে নারী ক্রীড়াবিদদের জন্য ঋতুচক্র ব্যবস্থাপনা অনেক সময় শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ তৈরি করে। যা তাদের পারফরম্যান্স ও সামগ্রিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে। তা সত্ত্বেও খেলাধুলা সম্পর্কিত নীতিমালা ও ক্রীড়া সহায়তা ব্যবস্থায় এই বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকেছে।
চতুর্থ গবেষণাটি ছিল পোশাক শিল্পে কর্মরত নারীদের মধ্যে মেনস্ট্রায়াল কাপ ব্যবহার পরীক্ষণ। আইসিডিডিআরবির পুষ্টি গবেষণা বিভাগের রিসার্চ ইনভেস্টিগেটর নাবিলা মাহমুদ তৈরি পোশাক খাতে কর্মরত নারীদের মধ্যে মেনস্ট্রায়াল কাপের সম্ভাব্যতা মূল্যায়ন শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
