কারখানায় খাদ্যে ভেজাল
উৎসস্থলেই কঠোর ব্যবস্থা দরকার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খাদ্য মানুষের মৌলিক অধিকার, সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। অথচ দেশের কোটি মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় এখন নিরাপত্তার চেয়ে অনিশ্চয়তাই বড় হয়ে উঠছে। যে খাবার মানুষের পুষ্টি নিশ্চিত করার কথা, তাতেই মিশছে বিষাক্ত রাসায়নিক ও নানা ধরনের ভেজাল। আরও উদ্বেগের বিষয়, এ অনৈতিক কর্মকাণ্ড কেবল বাজারের কোনো অসাধু ব্যবসায়ীর পর্যায়ে সীমাবদ্ধ নেই; উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পর্যায়েও এর বিস্তার ঘটেছে বলে অভিযোগ উঠছে। দুধ, শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা যথার্থ। তবে বাস্তবতা হলো, ভোক্তার হাতে পণ্য পৌঁছে যাওয়ার পর বাজারে অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ভেজাল যদি উৎপাদন কারখানাতেই মেশানো হয়, তবে উৎসস্থলে কঠোর নজরদারি ছাড়া ফল মিলবে না। এক্ষেত্রে নিয়মিত পরিদর্শন, আধুনিক পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোরতা এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই। খাদ্য নিয়ে যারা প্রতারণা করে, তারা কেবল আইন ভঙ্গই করে না; তারা মানুষের জীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলছে। ফলে এ ধরনের অপরাধকে সাধারণ বাণিজ্যিক অনিয়ম হিসাবে দেখার সুযোগ নেই।
অবশ্য শুধু আইন প্রণয়ন বা নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ হয় না। কার্যকর প্রয়োগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ কাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে থাকা শূন্যপদ দ্রুত পূরণ, দক্ষ জনবল নিয়োগ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা দেওয়া জরুরি।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্বও। মানুষের পাতে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অনেক অর্জনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানকে বিচ্ছিন্ন কর্মসূচি হিসাবে নয়, জাতীয় জনস্বাস্থ্য সুরক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করতে হবে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে কঠোর নজরদারির আওতায় এনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে, এটাই প্রত্যাশা।
