শিল্পে জ্বালানি সংকটের অভিঘাত
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শিল্প খাতের পরিস্থিতি উদ্বেগজনক। বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা এবং কর্মসংস্থানের সংকোচন-সব মিলিয়ে শিল্প খাত কঠিন সময় পার করছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে উঠে আসা তথ্যে এ সংকটের গভীরতার ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে এক বছরের ব্যবধানে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় প্রায় ৯৪ শতাংশ কমে যাওয়ার তথ্য শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
শিল্পোৎপাদন শুধু কারখানার যন্ত্রপাতি ও শ্রমিকের ওপর নির্ভর করে না; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এর অন্যতম প্রধান শর্ত। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানির সংকটকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসাবে চিহ্নিত করেছে। দৈনিক বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়ানো এবং গ্যাস সরবরাহে বিঘ্নের সময় ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছানো কোনোভাবেই স্বাভাবিক শিল্প পরিবেশের লক্ষণ নয়। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি যন্ত্রপাতির কার্যক্ষমতা, পণ্যের গুণগত মান এবং সময়মতো রপ্তানি আদেশ সরবরাহের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ।
সবচেয়ে আশঙ্কার বিষয়, শিল্পোদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে কমে মাত্র ১১ লাখ টাকায় নেমে আসা শিল্পের সম্প্রসারণে বড় বাধার ইঙ্গিত দেয়। বলার অপেক্ষা রাখে না, নতুন প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ না হলে উৎপাদনশীলতা বাড়বে না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও দুর্বল হবে। এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে। জরিপে কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগ ১৯ শতাংশ কমে যাওয়ার তথ্য সে আশঙ্কাকেই জোরালো করেছে। শিল্প খাতের এ সংকট দীর্ঘায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় এবং দারিদ্র্য বিমোচনের অগ্রগতিও বাধাগ্রস্ত হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর পক্ষে বাড়তি জ্বালানি ব্যয় বহন করা কঠিন হবে। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমাতে কিংবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলে এর প্রভাব শেষ পর্যন্ত শ্রমজীবী মানুষের ওপরই পড়বে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। জ্বালানি উৎপাদন ও আমদানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন এবং জ্বালানি খাতে অনিয়ম ও অপচয় বন্ধ করতে হবে। পাশাপাশি শিল্পঋণের সুদ ও অর্থায়ন ব্যয় সহনীয় পর্যায়ে রাখা, কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা এবং নতুন যন্ত্রপাতি আমদানিতে নীতিগত সহায়তা দেওয়া জরুরি।
শিল্প খাতের সংকটকে বিচ্ছিন্ন কোনো ব্যবসায়িক সমস্যা হিসাবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও ভবিষ্যৎ উন্নয়ন সরাসরি জড়িত। উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে কথার চেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিল্পের চাকা সচল রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। অন্যথায় বিনিয়োগের স্থবিরতা একসময় দেশের সামগ্রিক অর্থনীতিকে দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে দিতে পারে।
