Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

লেভেল ক্রসিংয়ে মৃত্যু

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কার?

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লেভেল ক্রসিংয়ে মৃত্যু

Advertisement

রেলের লেভেল ক্রসিংয়ে মানুষের মৃত্যু নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা। কিন্তু এই মৃত্যু প্রতিরোধ করা যাচ্ছে না কিছুতেই। সারা দেশের রেলপথজুড়ে প্রায় ৩ হাজার লেভেল ক্রসিং রয়েছে। এসবের অর্ধেকই অবৈধ। বৈধ বা অবৈধ-কোনোটিও বিপদমুক্ত নয়। এক হিসাবে বছরে ৩৩ থেকে ৩৫ জনের মৃত্যু হচ্ছে এসব ক্রসিংয়ে। আরেক হিসাবে ১৮ বছরে নারী-পুরুষ-শিশু মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০। অবাক কথাই বটে, বৈধ লেভেল ক্রসিংগুলোর ৮৪ শতাংশেই নেই নিরাপত্তা রক্ষাকর্মী।

লেভেল ক্রসিংয়ে ঘনঘন দুর্ঘটনার কারণ নিয়ে বহু আলোচনা হয়েছে। প্রশ্ন হলো, অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? সেগুলোয় যে দুর্ঘটনার আশঙ্কা বেশি, এই সাধারণ কথাটাও কেউ আমলে নিচ্ছে না। গেটম্যান নিয়োগের তাগিদ অনুভূত হচ্ছে না। প্রতিটি দুর্ঘটনার পর এক বা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়, তদন্ত শেষে রিপোর্টও জমা দেওয়া হয়; কিন্তু রিপোর্টের সুপারিশ অনুযায়ী কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।

এটা ঠিক, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার একটি বড় কারণ জনসাধারণের উদাসীনতা। মানুষ সচেতন না হলে শুধু গেটম্যান দিয়ে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। ট্রেন আসার আগে লেভেল ক্রসিংয়ে বার ফেলা হলেও সিগন্যাল অমান্য করে পথচারী, মোটরবাইক চালক, এমনকি হালকা যানবাহনও পারাপারের চেষ্টা করে থাকে। ফলে দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে সচেতন করার দায়িত্বও অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। তবে সবার আগে কর্তৃপক্ষকে লেভেল ক্রসিংগুলোর অব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। জনবল বাড়িয়ে লেভেল ক্রসিং এলাকায় শতভাগ শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে হবে অবশ্যই। গেটম্যানদের দায়িত্বহীনতাকে দেখতে হবে কঠোরভাবে এবং দায়িত্ব পালনের অভাবে কোনো মৃত্যু ঘটলে সংশ্লিষ্ট কর্মচারীকে আনতে হবে আইনের আওতায়।

আমাদের কথা হলো, যে মৃত্যু সহজেই এড়ানো সম্ভব, তেমন মৃত্যু ঘটবে কেন? রেলের উন্নয়ন হচ্ছে, নতুন নতুন প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়নও করা হচ্ছে। কিন্তু সমাধানযোগ্য একটি সমস্যা দিনের পর দিন একই অবস্থায় থাকবে, তা মেনে নেওয়া যায় না। রেল কর্তৃপক্ষ এই সমাধানযোগ্য সমস্যাটির ব্যাপারে মনোযোগী হবে, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পোশাকশিল্পের জন্য অশনিসংকেত

পোশাকশিল্পের জন্য অশনিসংকেত

লেভেল ক্রসিংয়ে মৃত্যু

লেভেল ক্রসিংয়ে মৃত্যু

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা

পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম