পোশাকশিল্পের জন্য অশনিসংকেত
অর্থনীতির স্বার্থে স্থিতিশীলতার বিকল্প নেই
সম্পাদকীয়
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ এক গভীর অস্তিত্ব সংকটে দাঁড়িয়ে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে শনিবার যুগান্তরের খবরে প্রকাশ-টানা চার সপ্তাহের শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের চাপে নভেম্বরের প্রথম ১৮ দিনেই শীর্ষ বিশ্ব ব্র্যান্ডগুলো প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। বলা বাহুল্য, এ খবর দেশের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য এক অশনিসংকেত। এর মানে, আমাদের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে চলে গেছে, যার সিংহভাগই লুফে নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও আমাদের বাজার দখলে সক্রিয় হয়ে উঠেছে।
মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেওয়া এবং দেশের উৎপাদন খাতের ৪০ শতাংশ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এ শিল্পের এমন বিপর্যয় কোনোভাবেই কাম্য নয়। বিজিএমইএ-এর হিসাবমতে, গত চার সপ্তাহের অস্থিরতায় উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং ঢাকার আশপাশের কারখানাগুলো ২০ থেকে ২৫ দিনের মূল্যবান উৎপাদন সময় হারিয়েছে। আন্তর্জাতিক বাজারে এখন পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতাকেই ক্রেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের কারখানাগুলো যেখানে আমাদের চেয়ে এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিনের কমে পণ্য সরবরাহ করতে পারছে, সেখানে আমাদের কারখানাগুলোয় জমে উঠেছে কাজের পাহাড়। এই জট কাটাতে মালিকদের এখন অতিরিক্ত ওভারটাইম কিংবা ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর মতো আত্মঘাতী পথে হাঁটতে হচ্ছে, যা শিল্পের মুনাফা ও সক্ষমতাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে।
পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও শিল্পাঞ্চলে অস্থিরতার রেশ পুরোপুরি কাটেনি। এর ওপর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে তীব্র জ্বালানি সংকট এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি উদ্যোক্তাদের আরও বিপাকে ফেলছে। এই দ্বিমুখী সংকট মোকাবিলায় এখনই কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি আমরা। এজন্য শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে কারখানার উৎপাদন পরিবেশ নির্বিঘ্ন রাখতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা ও দাবির বিষয়টি যেমন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে, তেমনই কোনো তৃতীয়পক্ষ বা উসকানিদাতা যাতে শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। এছাড়া রপ্তানিমুখী শিল্পের চাকা সচল রাখতে কারখানাগুলোয় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প শক্তিশালী করে পণ্য সরবরাহের সময়সীমা বা লিড টাইম কমিয়ে আনার কৌশল নিতে হবে।
মনে রাখা দরকার, বিদেশি ক্রেতাদের আস্থা একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা কঠিন। ফলে কূটনৈতিক তৎপরতা ও বিজিএমইএ-এর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে আশ্বস্ত করতে হবে যে, বাংলাদেশ নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহকারী হিসাবে ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মালিক, শ্রমিক ও সরকারের সমন্বিত সদিচ্ছাই কেবল হাতছাড়া হওয়া বাজার পুনরুদ্ধার করতে এবং দেশের অর্থনীতিকে সম্ভাব্য মহাবিপর্যয় থেকে রক্ষা করতে পারে।
