Logo
Logo
×
   

প্রথম পাতা

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়

শ্রদ্ধা ও ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ * রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রোববার পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -পিআইডি

যথাযথ মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি-স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর পাশাপাশি যে কোনো মূল্যে ষড়যন্ত্রমূলক তৎপরতা প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানের নতুন বাংলাদেশকে শোষণহীন ও সমৃদ্ধিশালী করে গড়ার স্বপ্নের কথা জানানো হয়।

দিবসটির সূচনাপর্বে রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপি, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, সকালের দিকে মানুষের সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল নামে। দলে দলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, অসুস্থ খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি আরও বলেন, জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখন দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে। কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা। যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্ব রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেব-আমরা এ শপথ নিয়েছি।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, ৫৪ বছরেও সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত হয়নি। বরং দেশ বারবার দাসত্বের মুখে পড়েছে, ফ্যাসিবাদের মুখে পড়েছে। তিনি বলেন, সামনে নির্বাচন, এখন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই। গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পরাজয়ের আভাস পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শামীম হায়দার সাংবাদিকদের বলেন, আমাদের বুদ্ধিবৃত্তিক সত্তাকে বিনষ্ট করতে পাকিস্তানি হানাদার বাহিনী তালিকা করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করতে হবে।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল (ঢাকা মহানগর উত্তর), ঢাকা মহানগর যুবদল, জাতীয়তাবাদী তাঁতীদল, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, গণফোরাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মিরপুর কলেজ, বাংলাদেশ মহিলা পরিষদ, গণবিশ্ববিদ্যালয়, মহিলা পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম