Logo
Logo
×

প্রথম পাতা

জাতীয় সংসদ নির্বাচন

আজ মনোনয়নপত্র জমার শেষ দিন

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ মনোনয়নপত্র জমার শেষ দিন

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ সোমবার। বিকাল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। ওই সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। এর সময় বাড়ানোর পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। এদিকে গতকাল পর্যন্ত সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা ৩,১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি সব প্রার্থীর আজ জমা দেওয়ার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের পর কোন কোন রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে তা স্পষ্ট হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগেরদিন রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। তারা প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে সন্তানদের আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে স্পষ্ট করতে ইসিকে অনুরোধ জানান। এরপরই বিকালে প্রার্থীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের আয়করের তথ্য প্রদান ঐচ্ছিক করে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি। তবে তাদের সম্পদের বিবরণ ও আয়ের উৎসের তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে। এছাড়া নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছে কমিশন। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে কয়েকটি দল ও ব্যক্তি। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ইসি। বেশির ভাগ বড় রাজনৈতিক দল দাবি জানালেই সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। অন্যথায় মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না।

দেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। একই বছরে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলটির কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো অংশ নেবে কি না-তা স্পষ্ট হবে। একই সঙ্গে কোন কোন দল নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে তাও কিছুটা পরিষ্কার হবে আজ সোমবার। যদিও চূড়ান্ত তথ্য পাওয়া যাবে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে।

ইসির সঙ্গে বিএনপির বৈঠক : সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে সন্তানের আয়কর রিটার্নের তথ্য জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট করতে ইসিকে আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধিদল। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

পরে নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে সন্তানেরও আয়করের হিসাব দেওয়ার বিষয়টি রাখা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে। কারণ অনেকের সন্তান নিজেই উপার্জনক্ষম এবং অন্যের ওপর নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স দেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি এবং কথা বললাম। প্রধান নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে নির্ভরশীল সন্তানদের বুঝিয়েছেন।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-এর ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, উন্নয়ন, সমৃদ্ধি সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ। কিন্তু এর অপব্যবহার সমাজ, সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ হতে পারে। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে বা মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা রাখে সেই অনুরোধ করেছি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। আমাদের আলোচনায় এর কোনো ম্যান্ডেট ছিল না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়া থেকে তিনি নির্বাচন করছেন এটা নিশ্চিত। ঢাকায় নির্বাচন করবেন কি না-এটা আমাদের দলের পক্ষ থেকে জানালে তখন আপনারা জানতে পারবেন।

সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি : অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে ইসি। শনিবার মন্ত্রিপরিষদের সিনিয়র সচিবকে দেওয়া আধা সরকারি পত্রে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে যথেষ্টসংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এসব কর্মকর্তা যাতে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং নির্বাচনি কর্মকাণ্ডে শৈথিল্য না দেখান সেই নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া আরেক আধা সরকারিপত্রে অবৈধ অস্ত্র উদ্ধার; সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান; অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার কথা বলা হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালট পরিবহণ ও সংরক্ষণ স্থানের নিরাপত্তা বিধান; ভুল তথ্য ও অপতথ্য বিস্তার রোধ এবং বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আগমন উপলক্ষ্যে ক্লিয়ারেন্স দেওয়ার ও তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া আরেক ডিও লেটারে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিংসহ অন্যান্য সুবিধা দিতে বলা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বিদেশে থাকা বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম