Logo
Logo
×
   

প্রথম পাতা

ভূমি কর্মকর্তাদের ‘এক স্থানে’ থাকার দিন শেষ

নেসারুল হক খোকন

নেসারুল হক খোকন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভূমি কর্মকর্তাদের ‘এক স্থানে’ থাকার দিন শেষ

ভূমি অফিসে একই কর্মস্থলে বছরের পর বছর দায়িত্ব পালনের সুযোগ আর থাকছে না। ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই অফিসে তিন বছর বা তার বেশি দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব পালনের ফলে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হতে পারে। এতে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরতদের হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এতে কর্মকর্তার নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করতে হবে। তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল থাকা কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন পরিবর্তনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে ১ সেপ্টেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করা জরুরি। এ কারণে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের ফলে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার সম্ভাবনা থাকে। এর ফলে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কর্মকাণ্ডে নিয়মিত পদায়নের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে মন্ত্রণালয়।

এ কারণে সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরতদের একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। তবে তিন বছর পূর্ণ হলেই সব ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বদলি-এমন কঠোর বিধানও রাখা হয়নি। পরিপত্রে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, কোনো অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো নির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অর্থাৎ, কোনো কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে বিশেষ প্রশাসনিক প্রয়োজন বা যৌক্তিক কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বিবেচনা করতে পারবে। তবে বিশেষ কোনো কারণ না থাকলে একই কর্মস্থলে তিন বছর বা এর বেশি সময় দায়িত্ব পালনকারীদের পদায়ন পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কার্যকর হলে ভূমি প্রশাসনের মাঠপর্যায়ে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশকে নতুন কর্মস্থলে যেতে হতে পারে। একই সঙ্গে ভূমি অফিসে দীর্ঘস্থায়ী পদায়নের কারণে তৈরি হওয়া ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাবের বলয় কমিয়ে প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

পরিপত্রটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম