Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

পাবনায় গুলিতে ২ নেতা খুন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাবনায় গুলিতে ২ নেতা খুন

Advertisement

দেশের চার জেলায় পৃথক ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনায় পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে বিরোধের জেরে নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা ও হাটের ইজারাদার আব্দুস সালাম এবং শ্রমিক দল নেতা রিপন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার বছরের শিশু তোয়াবাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। একই ঘটনায় কুপিয়ে গুরুতর জখম করা হয় তার বাবা গোলাপ হোসেনকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। রাজশাহীর পবায় বাড়ির ছাদে কৃষককে ছুরি মেরে ও ঝালকাঠির রাজাপুরে এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে গুলিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতা খুন : পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে বিরোধের জেরে আব্দুস সালাম ও রিপন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাটের ইজারাদার সালামের নিজ অফিসে এ ঘটনা ঘটে। নিহত সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক। রিপন শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি। তারা সম্পর্কে মামা-ভাগনে। রিপন হাটের ইজারাসংক্রান্ত কাজে সালামকে সহযোগিতা করতেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় তারা দুজন অফিসে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা ৫ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে ঢুকে সালামকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রিপন বাধা দিতে গেলে তাকেও গুলি করা হয়। দুজন মেঝেতে লুটিয়ে পড়লে তাদের মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আবু আশরাফ বলেন, হাটের আধিপত্য নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। স্থানীয় সূত্র জানায়, পুষ্পপাড়া হাট উত্তরবঙ্গের অন্যতম বড় গরুর হাট। হাটটি ঘিরে অপরাধী চক্র ও চরমপন্থিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয়দের দাবি। সালাম ২০ বছর ধরে হাটটির ইজারাদার ছিলেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ ছিল বলে পুলিশ সুপার জানান।

সালামের বড় ভাই কাইলে কালাম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা। সালাম গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেন।

সিরাজদিখানে বাবা-মেয়েকে হত্যা : মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার বছরের শিশু তোয়াবাকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার বাবা গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোলাপ মেয়েকে নিয়ে তার বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জয়নাল ওই এলাকার একটি ইটভাটায় কাজ করেন। সেখান থেকে ফেরার পথে বাবা-মেয়ে হামলার শিকার হন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। আহত গোলাপকে প্রথমে কেরানীগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পবায় বাড়ির ছাদে কৃষককে ছুরি মেরে হত্যা : রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ এলাকার মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, এশার নামাজ পড়তে যাওয়ার আগে বাড়ির বাইরের ফটকে তালা দিয়ে বের হন আজাদ। এ সময় তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম ভেঙে স্বামীকে বিছানায় না পেয়ে তিনি স্বজনকে ফোন করেন। স্থানীয়রা তালা ভেঙে বাড়িতে ঢুকে ছাদে রক্তাক্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পবা থানার ওসি আব্দুল মতিন জানান, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা : ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার রাতে শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়ার কতবেলতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ময়না আক্তার নামের এক নারীর অভিযোগ, রাত ৩টার দিকে মুখোশধারী ৭ থেকে ৮ জন চাপাতি দেখিয়ে ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেলবাড়িয়া এলাকায় অটোরিকশাচালক জাকিরের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন ময়না। নুরে আলমের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। এ নিয়ে বুধবার স্থানীয় লোকজনের সঙ্গে নুরে আলমের হাতাহাতির ঘটনাও ঘটে।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোরে সড়কে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

চট্টগ্রামে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, গ্রেফতার ১ : চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত আবু ইউসুফ ওরফে জীবন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সাহেদ নামে একজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

জীবনের বাবা গোলাম নবী আইসক্রিম কারখানায় কাজ করতেন। মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় তার ওপর হামলা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, মঙ্গলবার রাতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা প্রথমে জীবনকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে ইকরাম বাবু নামে একজন পিস্তল দিয়ে তার পা লক্ষ্য করে গুলি চালায়। পরে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় জীবনের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি ইকরাম বাবু ও আরমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ছুরিকাঘাত ও গুলি করার অভিযোগ করেন।

জীবনের প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। তিনি আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষে সক্রিয় ছিলেন। পরে নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান ওরফে জুয়েলের অনুসারী হন। সম্প্রতি নগর স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান ওরফে শিমুলের সঙ্গে যুক্ত হওয়ায় জুয়েলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় বলে দাবি করেন সাইফুল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, জীবনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় সাহেদকে গ্রেফতার করা হয়েছে।

[ প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা ]

Advertisement

Advertisement

আরও পড়ুন

হত্যার অভিযোগ তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

মোবাইল ফোনে শেষ বার্তা মা আমি আসছি...

মা আমি আসছি...

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম