বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
তরুণ বয়সে ধূমপানের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ধূমপানের কারণে তরুণদের (৩০-৩৫ বছর) মধ্যে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। তাদের মতে, তরুণ ধূমপায়ীদের ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির হার ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। নতুন প্রজন্মকে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে ডায়াবেটিসের জটিলতা হিসাবে দাঁত ও মাড়ির রোগের বিষয়েও সচেতন হওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশে তরুণদের ডায়াবেটিসের প্রকোপ ও তামাকের সম্পর্ক : তরুণদের মধ্যে আর্লি-অনসেট টাইপ-২ ডায়াবেটিস এবং প্রি-ডায়াবেটিস আশঙ্কাজনক হারে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে তরুণদের মাঝে ডায়াবেটিসের হার প্রায় ৪.৫% এবং প্রি-ডায়াবেটিস ১৮.৪%। বিশেষ করে ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল ইত্যাদি) এবং ধূমপান তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। গবেষণায় ধূমপান ও তামাক ব্যবহারকারীদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২.৬ গুণ বেশি পাওয়া গেছে।
বারডেম জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগের ভিজিটিং প্রফেসর ও ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া কিংবা মুখের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে এসে অনেক রোগীর ডায়াবেটিস শনাক্ত হচ্ছে। তার মতে, মাড়ির রোগকে শুধু দাঁত ও মুখের সমস্যা হিসাবে দেখলে চলবে না। অনেক ক্ষেত্রে এটি ডায়াবেটিসের সতর্ক সংকেত হতে পারে। তাই দাঁত ও মাড়ির সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ পরীক্ষা করানো জরুরি।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত দাঁত ও মাড়ির যত্ন নেওয়া, ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী স্কেলিং করানো এবং মুখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত দাঁত ব্রাশ এবং ডেন্টাল ফ্লস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভয়ংকর : ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ১০ বছর পরও নিয়মিত ওষুধ সেবন করছিলেন বাগেরহাটের মাফিয়া বেগম। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনতে পারেননি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখে ছানিসহ নানা জটিলতা দেখা দেয়। মাফিয়া বেগম সম্প্রতি ছানি অস্ত্রোপচারের জন্য ঢাকায় আসলে চিকিৎসক প্রথমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন। দুই সপ্তাহ চেষ্টা করেও রোগটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে ছানি অপারেশন না করিয়েই বাড়ি ফিরতে হয় তাকে।
মাফিয়া বেগমের মতো অসংখ্য মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কেউ নিয়মিত ওষুধ সেবন করেন না। কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তন করেন না। আবার আক্রান্তদের অর্ধেক জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে। অথচ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, অন্ধত্ব এমনকি অঙ্গচ্ছেদের মতো জটিলতা দেখা দিতে পারে। বাড়তে পারে অকালমৃত্যুর ঝুঁকিও।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের প্রকোপ ও চিকিৎসার ব্যয় দুটোই বাড়ছে। রোগ শনাক্ত, নিয়মিত চিকিৎসা এবং জটিলতা প্রতিরোধেও ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, বাংলাদেশে ১ কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যাদের অর্ধেকই নারী। রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
এমন প্রেক্ষাপটে সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য-‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
শনাক্তের বাইরে অর্ধেকের বেশি রোগী : বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ কোটি। তবে রোগটি ৭০ শতাংশ পর্যন্ত প্রতিরোধযোগ্য। ফলে এখনই যদি এ রোগের প্রতিরোধ না করা হয়, তাহলে এই সংখ্যা ২০৫০ সাল নাগাদ প্রায় ৮৫ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ। নিবন্ধিত রোগীর সংখ্যা ৭২ লাখের বেশি। অর্থাৎ শনাক্তের বাইরেই রয়ে গেছেন অর্ধেকের বেশি আক্রান্ত মানুষ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন। বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ চৌধুরী বলেন, বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে রয়েছেন। অনেকেই অন্য কোনো রোগের চিকিৎসা নিতে গিয়ে প্রথমবার ডায়াবেটিস শনাক্তের তথ্য জানতে পারেন। তাই উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা করা উচিত নয়। বছরে অন্তত দুবার রক্তে শর্করা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে যেসব পরিবারের সদস্যদের ডায়াবেটিস রয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকতে হবে।
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত পৌনে ৭ লাখ : বিভিন্ন দেশে টাইপ-১ ডায়াবেটিসের হার ভিন্ন। বাংলাদেশসহ এ অঞ্চলে মোট ডায়াবেটিস রোগীর মধ্যে টাইপ-১-এ আক্রান্তের হার ৫ শতাংশের কম। দেশে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ ৭৫ হাজার। এসব রোগীর বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন প্রয়োজন হয়।
জীবনযাত্রার পরিবর্তনে বাড়ছে ঝুঁকি : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মাদ সাইফ উদ্দিন বলেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, অনিয়মিত শরীরচর্চা এবং অতিরিক্ত ওজন ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে পেটের ভেতরে জমা চর্বি ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি করে। অনেকের শরীরের ওজন স্বাভাবিক থাকলেও পেটের ভেতরে অতিরিক্ত চর্বি থাকতে পারে।
চিকিৎসা ব্যয় বাড়ছে : ডায়াবেটিসের চিকিৎসা ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও চাপ তৈরি করছে। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক (রিসার্চ অ্যান্ড একাডেমি) অধ্যাপক মো. ফারুক পাঠান যুগান্তরকে বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। একটি হিসাব অনুযায়ী, সাধারণ মানুষের বার্ষিক চিকিৎসা ব্যয় যেখানে প্রায় ১ হাজার মার্কিন ডলার, সেখানে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ হতে পারে। তিনি বলেন, রোগের জটিলতা যত বাড়ে, চিকিৎসার ব্যয়ও তত বাড়ে। তাই শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদরোগের চিকিৎসাও নিশ্চিত করতে হবে। উপজেলা হাসপাতালসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে ডায়াবেটিস ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা, প্রশিক্ষণ ও পর্যাপ্ত অর্থায়ন। পাশাপাশি ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় নিয়ে নির্ভরযোগ্য জাতীয় পরিসংখ্যান তৈরি করা জরুরি।
ডায়াবেটিসে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ : নিউট্রিশন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি আখতারুন নাহার আলো বলেন, ডায়াবেটিসের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। সাধারণত ৭ থেকে ১০ শতাংশ ডায়াবেটিস রোগী প্রথমবারের মতো হৃদরোগের জটিলতা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। তিনি জানান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগের চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত।
ডায়াবেটিক সমিতি জানায়, তাদের বারডেম, বিআইএইচএস, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের ৩২টি কেন্দ্র এবং ৯৫টি অধিভুক্ত সমিতির মাধ্যমে দেশজুড়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৬৯ লাখ নিবন্ধিত রোগীকে মৌলিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ইনসুলিন ও ওষুধ বিতরণে সমিতির ব্যয় হয়েছে প্রায় ১১৪ কোটি ৩৪ লাখ টাকা।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় শুধু সচেতনতা তৈরি যথেষ্ট নয়। প্রয়োজন নিয়মিত পরীক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ, সাশ্রয়ী ওষুধ, ইনসুলিনের প্রাপ্যতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করা। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বিশেষায়িত হাসপাতাল-সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

